এই সময়, শ্রীরামপুর ও বালি: ভোটের মুখে টাকা বিলির অভিযোগ উঠল শ্রীরামপুরে ও বেলুড়ে। দুই ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে।
সোমবার প্রচারের শেষ লগ্নে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে একটি ভিডিয়োকে কেন্দ্র করে এই অভিযোগ সামনে এসেছে, (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) যেখানে তৃণমূল নেতারা বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
তৃণমূল নেতাদের দাবি, ভোটের কাজ চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ফোন পেয়ে তাঁরা জানতে পারেন, বিজেপি প্রার্থী বিভিন্ন মন্দিরে ও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে টাকা বিলি করছেন। তাঁদের অভিযোগ, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের নাম করে বাড়ি বাড়ি ৩,০০০ টাকা এবং একটি মন্দিরে ১৭,০০০ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া, তৃণমূলের অভিযোগ—প্রার্থীকে এই নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি সিআরপিএফ-এর সাহায্যে নিজেকে আড়াল করে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। সন্ধ্যা ৬টার পরে আদর্শ আচরণবিধি চালু থাকার পরেও তিনি এলাকায় কেন ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকদল।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে এই ঘটনার ভিডিয়ো প্রমাণ রয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশন ও দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে এবং পুলিশ প্রার্থীর গাড়ি তল্লাশির আশ্বাস দিয়েছে বলে দাবি তাদের।
অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য একে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘তৃণমূল হার বুঝতে পেরেই এ ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’ তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, কোনও টাকা বিলি করা হয়নি। তাঁর প্রশ্ন, ‘আমার কাছ থেকে কি কোনও টাকা উদ্ধার হয়েছে? কোনও প্রমাণ আছে?’ ভাস্কর জানান, তিনি কেবল নির্বাচনী প্রচারে ও কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
আদর্শ আচরণবিধি প্রসঙ্গে তাঁর দাবি, প্রার্থী হিসেবে এলাকায় যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা নেই এবং তিনি কোনও নিয়মভঙ্গ করেননি। উল্টে তিনি অভিযোগ করেন, তৃণমূল কর্মীরাই তাঁকে ঘেরাও করে হেনস্থা করার চেষ্টা করেছেন।
পুলিশের ভূমিকা প্রসঙ্গে ভাস্কর ভট্টাচার্য জানান, তিনিই পুলিশকে খবর দিয়েছেন এবং নিরপেক্ষ তদন্ত চান তিনি। তাঁর দাবি, তল্লাশিতে আপত্তিকর কিছু মেলেনি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলেন, ‘বিজেপির প্রার্থী গাড়িতে করে রাজ্যধরপুরে ৫ ও ৬ নম্বর বুথে টাকা দেওয়ার সময়ে গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেছেন। এ ভাবে শ্রীরামপুর কেন্দ্রে ভোটে জেতা যাবে না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।’
এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। একদিকে তৃণমূল যেখানে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছে, অন্য দিকে বিজেপি পুরো বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিচ্ছে।
অন্য দিকে, বিজেপির পদ্ম প্রতীক লাগানো গাড়িতে করে টাকা বণ্টনের অভিযোগ উঠল বেলুড়ে ডন বস্কো এলাকায়। সোমবার ওই এলাকায় একটি আবাসনের সামনে সন্ধেবেলা একটি গাড়িকে আটক করেন তৃণমূল সমর্থকরা। তাঁদের অভিযোগ, ওই গাড়িতে করে ভিন রাজ্যের কয়েকজন টাকার ব্যাগ নিয়ে এলাকায় ঢুকে টাকা বিলি করছিল। খবর পেয়ে তৃণমূলের সমর্থকরা গাড়িটাকে ঘিরে ধরে। গাড়ির ভিতরে থাকা যুবকরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে, তৃণমূল সমর্থকরা তাদের ঘিরে ধরে মারধর শুরু করেন বলে অভিযোগ। গাড়িটি পালানোর চেষ্টা করলে ঘুসুড়িতে সেটিকে আটকানো হয়। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই গাড়ির পিছনে বেশ কয়েকটি ট্রলি ব্যাগ ছিল বলে জানা গিয়েছে। ওই ব্যাগে করে ঢাকা ভর্তি করে এনে বিলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাড়িটিকে ঘিরে রেখেছেন।