• কারা ভোট দিতে পারবেন দ্বিতীয় দফায়? কাকভোরে তালিকা প্রকাশ কমিশনের
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন। এই তালিকায় স্থান পাওয়া ভোটাররা বুধবার সামিল হতে পারবেন গণতন্ত্রের উৎসবে। কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টারি লিস্ট।

    কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটের আগে ‘অ্যাজুডিকেশনে’ বাদ পড়া মাত্র ১৩৯ জনের নাম উঠেছিল সাপ্লিমেন্টারি লিস্টে। কিন্তু দ্বিতীয় দফায় অতিরিক্ত তালিকায় ঠাঁই পেলেন ১৪৬৮ জন। বাদ গিয়েছে ছয় জনের নাম।

    বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। সাত জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে যে ভোটকেন্দ্রগুলির ভোটাররা নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকায় ঠাঁই পেলেন, তাদের নাম দেখা যাচ্ছে ceowestbengal.wb.gov.in-এর ওয়েবসাইটে। ভোটাররা এপিক নম্বরের মাধ্যমে কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের নাম প্রথম দফার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) লিস্টে উঠেছে কি না তা চেক করতে পারবেন। এ দিনের তালিকায় স্থান পাওয়া ১৪৬৮ জন ভোটারের নাম কেন্দ্র অনুযায়ী যুক্ত করা হয়েছে। নিজের বিধানসভা কেন্দ্রের পার্ট অনুযায়ী নাম দেখতে পারবেন নতুন করে ভোটাধিকার পাওয়ার ভোটাররা।

    সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দুই দফার ভোটের আগে যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল ‘অ্যাজুডিকেশনে’ বাদ পড়া যত জন ভোটারের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে সিলমোহর দেবে, তত জনের নাম দু’দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। প্রথম দফার ভোটের আগে লিস্ট বেরিয়েছিল ২২ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে ২৮ ফেব্রুয়ারি ভোরে তালিকা প্রকাশ করল কমিশন।

  • Link to this news (এই সময়)