মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্টের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন নিল নির্বাচন কমিশনও। অত্যন্ত কদর্য ওই পোস্টটি নিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে দির্দেশ নিয়েছে কমিশন। EC-এর এক আধিকারিক সোমবার এই তথ্য জানিয়েছেন।
কীভাবে ঘটনা সামনে এল?
আপত্তিকর পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, উত্তরপ্রদেশের একজন স্বঘোষিত 'ডানপন্থী জাতীয়তাবাদী' এবং 'বিজেপি সমর্থক' সোশ্যাল মিডিয়ায় "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে জঘন্য, অপমানজনক, নোংরা এবং অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছেন।
TMC-এর তরফে জানানো হয়, একটি লিখিত অভিযোগের পর পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে এবং ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, বাংলায় বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গের ১৪২টি আসনে। প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ২৩ এপ্রিল। অন্যদিকে ভোট গণনা হবে ৪ মে। বাংলায় আগামী ৫ বছর কাদের হাতে থাকবে শাসনভার, স্পষ্ট হয়ে যাবে ওই দিনই।