• লাস্যময়ীর সঙ্গে ফূর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’! ভিডিও প্রকাশ করে তোপ মহুয়া-অখিলেশের
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
  • বঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে চর্চায় উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা। যোগীরাজ্যের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই ‘দাবাং’ স্টাইলে ধমক-চমক শুরু করেছেন। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পরিবারকে হুঁশিয়ারি দেওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এবার তাঁর গোপন ভিডিও প্রকাশ করে সোশাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওতে দেখা গিয়েছে, এক লাস্যময়ীর সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংঘম’! মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও।

    সোমবারই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।” তাঁর এই হুমকি ভিডিও ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে যোগীরাজ্যের এই আইপিএস অফিসারের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলি প্রকাশ্যে আনে। তার মধ্যে ছিল টাকার বিনিময়ে পোস্টিং, মহিলাদের সঙ্গে বিয়ের নামে প্রতারণা।

    এবার তাঁর একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি ঘেরা স্বল্পবসনা এক লাস্যময়ীর সঙ্গে নাচেগানে ব্যস্ত ‘সিংঘম’। তা পোস্ট করে মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল। আরও একটি নাচের ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘আশা করি নাচের চেয়ে পেশা অর্থাৎ পুলিশিতে দক্ষ আপনি।’

    অজয় পাল শর্মার এই ভিডিও সোশাল মিডিয়ায় ফাঁস হওয়ায় নানা মহলে নানা প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডলে পোস্ট করে এর তীব্র নিন্দা করেছেন। তাঁর মতে, পুলিশ অফিসারের যেসব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, তা উত্তরপ্রদেশের লজ্জা এবং বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এক চূড়ান্ত নজির।
  • Link to this news (প্রতিদিন)