খটখটে রোদ নাকি ঝড়বৃষ্টি? শেষ দফায় ভোট দিতে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার পূর্বাভাস
প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
বুধে বঙ্গে শেষ দফার ভোট। কলকাতা ও আশপাশের ৬টি জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। প্রখর বৈশাখে নির্বাচন পর্ব চলছে রাজ্যে। ভোট দিতে যাওয়ার বঙ্গবাসীর উদ্বেগ বাড়াচ্ছে এই তীব্র খরতাপ। ঘণ্টার পর ঘণ্টা ভোটের লাইনে দাঁড়ানোর চিন্তা রয়েছে। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রবল আশঙ্কা। কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের দু-এক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শোনালেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদিয়াতেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। অর্থাৎ দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচনে সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস।