সুরাত: স্ত্রীকে খুন করে দেহ কাঠের বাক্সে লুকিয়ে রাখল স্বামী। পরে সেই বাক্সে সিমেন্ট ভরে দেয় অভিযুক্ত। বিভ্রান্ত করতে স্ত্রী নিখোঁজ বলে পুলিশে অভিযোগও দায়ের করে সে। গুজরাতের সুরাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম বিশাল সালভি (৪০)। তিনি নিজেই পুলিশকে জানান, তাঁর স্ত্রী শিল্পা সালভি (৩৯) নিখোঁজ। শিল্পা পেশায় একজন ডায়েটিশিয়ান। বিশালের দাবি, চারদিন আগে শেষবার স্ত্রীকে দেখেছে সে। নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তারপর দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয় একটি চিঠি। অভিযোগ, সেই চিঠি বিশাল নিজেই লিখেছিল। সেখানে স্বীকারোক্তির ভাষায় লেখা ছিল, সে একটি বড় ভুল করে ফেলেছে। শিল্পা আর বেঁচে নেই। দম্পতির ছেলে সেই চিঠি খুঁজে পেয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর উদ্ধার হয় ওই কাঠের বাক্স।