প্রবীণদের ছাড় ফেরাচ্ছে না রেল, ‘মাতৃশক্তি’র প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাকালে ‘অপ্রয়োজনীয়’ জার্নি বন্ধের দোহাই দিয়ে ট্রেনের টিকিটে কনসেশন বাতিল করেছে রেল। করোনা পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু ছ’বছরেরও বেশি সময় ধরে বন্ধই রয়েছে ট্রেনের টিকিটে ছাড় দেওয়ার ব্যবস্থা। ফলে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে প্রবীণ রেল যাত্রীদের। ট্রেনের টিকিটে কনসেশন না দিয়েগত তিনটি আর্থিক বছরে প্রবীণ মহিলা যাত্রীদের কাছ থেকে ৭ হাজার ২০০ কোটি টাকারও বেশি আয় করেছে রেলমন্ত্রক। অর্থাৎ, ছাড় না পাওয়ার কারণে প্রতি বছর গড়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা টিকিট মূল্য হিসাবে রেলকে দিতে বাধ্য হয়েছেন প্রবীণ মহিলা যাত্রীরা। এ প্রসঙ্গেই উঠে আসছে একটি গুরুতর প্রশ্ন। দেশের সিনিয়র সিটিজেন মহিলা রেল যাত্রীদেরই যেখানে কোনো আর্থিক সুরাহা দিতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। সেখানে বাংলায় মহিলাদের মাতৃশক্তি প্রকল্পে মাসে তিন হাজার টাকা করে ভাতা প্রদানের গালভরা প্রতিশ্রুতি বিজেপি কোন পথে পূরণ করবে? মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়ের আরটিআইয়ের জবাব থেকে জানা যাচ্ছে, ২০২২-২৩ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত সারা দেশে প্রবীণ মহিলা রেল যাত্রীদের সংখ্যা ১০ কোটি ২২ লক্ষ ৮৪ হাজার ৯২৮ জন। তিনটি অর্থবর্ষে প্রবীণ মহিলা রেল যাত্রীদের কাছ থেকে টিকিট মূল্য বাবদ রেল আয় করেছে মোট ৭ হাজার ২১৮ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৫৬৭ টাকা। এর মধ্যে সবথেকে বেশি আয় হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষেই।