• সুবিচার পাব না, শুনানি বয়কট কেজরিওয়ালের, সরবেন না বিচারপতি, অনড় আপ সুপ্রিমোও
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজিরবিহীন সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের! দিল্লি হাইকোর্টে আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ‘বয়কটে’র সিদ্ধান্ত নিলেন আপ আদমি পার্টির (আপ) সুপ্রিমো। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি ওই শুনানিতে আর উপস্থিত হবেন না। নিজের হয়ে সওয়াল করবেন না। তাঁর পক্ষে কোনো আইনজীবীও থাকবেন না ওই এজলাসে। কিন্তু কেন? কেজরিওয়াল বলেন, ‘এই এজলাস থেকে আমি কোনও সুবিচার পাব না সেটা নিশ্চিত। তাই বয়কট। এজন্য যে রায়ই হোক, আমি মেনে নেব।’ 

    দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মার এজলাসে চলছে আবগারি দুর্নীতি মামলার শুনানি। এই দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই নিম্ন আদালত থেকে মুক্তি পেয়েছেন কেজরিওয়াল। কিন্তু সিবিআই সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছে। কেজরিওয়াল কিছুদিন আগেই জানিয়েছিলেন এই মামলার সওয়াল তিনি করবেন। সওয়ালের শুরুতেই তিনি একটি আবেদন জমা দিয়ে বলেন, ‘এই বিচারপতি (স্বর্ণকান্তা শর্মা) চারবার আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গিয়েছেন। আমি ওই আরএসএস-বিজেপির আদর্শের বিরোধী। আর ওই বিচারপতি যখন তাদের সংগঠনের অনুষ্ঠানে বারবার যাচ্ছেন, এর মানে তিনি ওই আদর্শের সমর্থক। তাহলে তিনি আমার প্রতি পক্ষপাতহীন কোনো বিচার করবেন না। কারণ, আমার বিরুদ্ধে মামলা চালাচ্ছে বিজেপি ও মোদি সরকার। তাই জাস্টিস স্বর্ণকান্তা শর্মা নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিন। সেটাই হবে নিরপেক্ষ বিচার।’ কিন্তু কেজরিওয়ালের এই আবেদন নাকচ করে দেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। তিনি মামলাটির শুনানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর এদিন কেজরিওয়াল বিস্ময়কর অবস্থান নিলেন। সাফ বললেন, ‘যা হয় হোক, আমি অথবা আমার আইনজীবী এই এজলাসে হাজির হব না। সওয়াল করব না। শুনানিতে অংশ নেব না। এটাই হল আমার সত্যাগ্রহ।’
  • Link to this news (বর্তমান)