• জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি পদ্মশ্রী মঙ্গলাকান্ত, খোঁজ নিল না পদ্ম শিবির, গায়ে জ্বর শরীরে ব্যথা ওজনও কমেছে শতায়ু শিল্পীর
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সারিঙ্গা বাদক শতায়ু মঙ্গলাকান্ত রায় জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি। সোমবার দুপুরে নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন আর এক পদ্মশ্রী করিমুল হক। সঙ্গে ছিলেন মঙ্গলাকান্তের পরিবারের সদস্যরা। তবে গোটা দিন পেরিয়ে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন পদ্মশ্রীর খোঁজ নেয়নি গেরুয়া শিবির। হাসপাতালে দেখতে আসা তো দূরের কথা, বিজেপি নেতারা কেউ ফোন পর্যন্ত করেননি, বলে দাবি মঙ্গলাকান্তের বড় ছেলে উমাকান্ত রায়ের। এনিয়ে আক্ষেপের সুর তাঁর গলায়। 

    তিনি বলেন, ভোটের সময় প্রচারে নজর কাড়তে বাবাকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য মরিয়া ছিলেন বিজেপি নেতারা। এখন ভোট মিটে গিয়েছে। তাই হয়ত বাবা হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর খোঁজ নেওয়ার আর প্রয়োজন মনে করেননি তাঁরা। মঙ্গলাকান্তকে হাসপাতালে ভর্তি করাতে এসে এদিন আক্ষেপের সুর শোনা গিয়েছে করিমুলের গলাতেও। বলেন, পদ্মশ্রী সম্মানটুকুই শুধু পেয়েছি আমরা। তারপর কীভাবে আমাদের দিন কাটছে, তার ন্যূনতম খোঁজখবর কেউ রাখেন না। মঙ্গলাকান্তর স্ত্রী ঠিকমতো চোখে দেখতে পান না। দ্রুত তাঁর চোখে অপারেশন করা দরকার। মঙ্গলাকান্তকে যে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে আসবে, সেই সামর্থ্য নেই ওঁর পরিবারের। খবর পেয়ে আমি নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

    ধওলাগুড়ির বাসিন্দা মঙ্গলাকান্ত দুপুরে হাসপাতালে ভর্তি হলেও সন্ধ্যা পর্যন্ত তা জানতেই পারেননি বিজেপির ময়নাগুড়ির প্রার্থী ডালিমচন্দ্র রায়। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবর পাইনি। এখন বাইরে আছি। ফিরে গিয়ে দেখব, হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। 

    বিজেপি প্রার্থীর এই মন্তব্যে গেরুয়া শিবিরকে বিঁধতে ছাড়েননি ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়। তিনি বলেন, ভোটের আগে পদ্মশ্রীকে দরকার ছিল বিজেপির। ভোট ফুরতেই সেই দরকার মিটেছে। আমাদের দলের কর্মীরা মঙ্গলাকান্তর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি নিজেও হাসপাতালে তাঁকে দেখতে যাব। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, দ্বিতীয় দফার ভোটের প্রচারে এদিন হুগলির সিঙ্গুরে ছিলাম। মঙ্গলকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবর পেয়েছি। এমএসভিপির সঙ্গে ফোনে কথা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়িতে ফিরে দেখতে যাব। জলপাইগুড়ি মেডিকেলের সুপার কল্যাণ খাঁ জানিয়েছেন, মঙ্গলাকান্তর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর গলা ফুলেছে। ওজন অনেকটাই কম। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চলছে। সেসবের রিপোর্ট দেখেই বোঝা যাবে, তাঁর ঠিক কী হয়েছে।

    বিখ্যাত সারিঙ্গা বাদক হিসেবে ২০২৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় মঙ্গলাকান্ত রায়কে। অভিযোগ, পদ্মশ্রী পাওয়ার পর বিজেপি নেতারা তাঁকে মাসে ছ’হাজার টাকা করে কেন্দ্রের শিল্পীভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ওই আশ্বাসই সার। এনিয়ে সম্প্রতি প্রকাশ্যে ক্ষোভ উগরে দেয় পদ্মশ্রীর পরিবার। • অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে মঙ্গলাকান্ত রায়কে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)