জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোমনাথের
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। সোমবার সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী রাজেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দাগলেন। লাল ফাইল দেখিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন তিনি। সোমনাথের দাবি, রাজেশ কুমার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কিন্তু তাঁর এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে ৫৮টি কোম্পানি রয়েছে। কলকাতা, জয়পুর এবং দিল্লিতে একাধিক অফিস রয়েছে। সরকারি কর্মচারী হয়ে কীভাবে এসব করলেন। এমনকি বালি চুরি মামলায় ইডির হাতে ধৃত অরুণ শরাফের অ্যাকাউন্টে ১৩০ কোটি টাকা গিয়েছে রাজেশ কুমার এবং তাঁর স্ত্রী ও ছেলের অ্যাকাউন্ট থেকে। সে কথা চার্জশিটে উল্লেখ রয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি থাকার সময় ছোটো বড়ো কারখানা থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। পদ ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে প্রতারণা করেছেন। তাঁর বহু বেআইনি ব্যবসা আছে। সাউথ সিটির কাছে সাড়ে ছ’কোটি টাকা দিয়ে বাড়িও কিনেছেন। এত টাকা পেলেন কোথা থেকে?
লাল ফাইল নিয়ে ৪ তারিখের পর তিনি কোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। তিনি অভিযোগ করেছেন, রাজেশ কুমার তাঁর স্ত্রী এবং ছেলের নামে থাকা সম্পত্তি হলফনামায় উল্লেখ করেননি। জগদ্দলের মানুষকে প্রতারিত করেছেন তিনি। তিনি একজন বহিরাগত। জগদ্দলের মানুষ আগামী বুধবার ২৯ এপ্রিল ইভিএমে তার জবাব দেবে। পালটা রাজেশ কুমার বলেন, সোমনাথ শ্যাম যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার কোনো ব্যবসা নেই। যে বাড়িতে থাকি, সেটা ভাড়ার। সোমনাথ শ্যামের স্ত্রীর সম্পত্তি নিয়ে সরব হন তিনি।
এছাড়া তাঁর দাবি, যে পলিউশন দপ্তর থেকে টাকা তোলার কথা বলছেন, সেই পলিউশন দপ্তরের মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা উচিত সোমনাথ শ্যামের। স্ত্রীর সম্পত্তির প্রসঙ্গে সোমনাথ শ্যাম পালটা বলেন, উনি হলফনামায় আমার স্ত্রীর সম্পত্তি দেখলেন, কিন্তু কত ঋণ রয়েছে সেটা দেখেননি। সেটা পাশেই দেওয়া ছিল। -নিজস্ব চিত্র