নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চ। বাইকের বিধিনিষেধ নিয়ে নির্দেশে সামান্য পরিবর্তন আনলেও ভোটের আগে জনসাধারণের বাইক চালানোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বলবৎ করল না কলকাতা হাইকোর্ট। বাইক নির্দেশিকা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। সোমবার সেই মামলায় বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নাগরিকের অধিকার খর্ব না করে ভোটের ৪৮ ঘণ্টা আগে বাইক র্যালি ও একাধিক বাইক নিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
বেঞ্চ জানায়, কারো ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কেউ হাওয়া খেতে যেতে চাইলে বাধা দেওয়া যায় না। নির্বাচনের সময় বিহার ও অসমে এরকম নিষেধাজ্ঞা জারির কোনো উদাহরণ নেই। কমিশন এরকম দৃষ্টান্ত দেখাতে পারলে এরাজ্যেও তাদের আরজি বিবেচনা করা হত। গাড়ির ক্ষেত্রে কেন বিধিনিষেধ প্রযোজ্য হবে না সেই প্রশ্নও তুলেছে হাইকোর্ট। সম্প্রতি বাইক চলাচলে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। জরুরি কোনো ক্ষেত্র ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো নিষিদ্ধ করে দেওয়া হয়। কমিশনের এহেন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই বিতর্ক চরমে ওঠে। এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কমিশনের বাইক সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। ৭২ ঘণ্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানান, ভোটগ্রহণের দিনের ১২ ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইকের পিছনে যাত্রী নিয়ে চলাচল করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। সেই মামলায় এদিন কমিশনকে বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন, ‘বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধি-নিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে আমি এখানেও করার অনুমতি দেব।’ গাড়ির ক্ষেত্রে কেন বিধিনিষেধ প্রযোজ্য হবে না? সেই প্রশ্নও তোলে আদালত। অন্যদিকে, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠকের অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল। এবার তা নিয়ে হাইকোর্টে মামলা হল। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যে পর্যবেক্ষক এই কাজ করেছেন, তাঁকে ‘টানতে টানতে আদালতে’ নিয়ে যাবেন। তার পরের দিনই তৃণমূলের তরফে হাইকোর্টে মামলা করা হল। তৃণমূলের অভিযোগ, আইপিএস পরমার স্মিথ পুরুষোত্তমদাস মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ডায়মন্ডহারবারের সাগরিকা টুরিস্ট লজে বসে গোপন বৈঠক করেছেন।