নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুদিন যাবৎ দেশের সক্রিয় উষ্ণ শুষ্ক বাতাসের দাপটে একটা বড়ো অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। বিশেষ করে মধ্য, পশ্চিম ও উত্তর ভারত জুড়ে। রবিবার মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার আকোলায় দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বিদর্ভ এলাকা ছাড়া রাজস্থান এবং উত্তরপ্রদেশের কয়েকটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি ছিল। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং গুজরাতের সৌরাষ্ট্র-কচ্ছ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের উষ্ণতম এলাকাগুলির মধ্যে ৯০ শতাংশের বেশি এখন ভারতেই! মত কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া রিপোর্টের। তবে এবার ওইসব জায়গায় গরম কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর ভারতে। তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখাও, মধ্য ভারতে। তাই উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে ঝড়বৃষ্টি হয়ে তাপমাত্রা হ্রাসের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।