নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় শহরের ২৩০ জন যৌন কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে চলতি বিধানসভা ভোটে তাঁরা ভোট দিতে পারছেন না। এই অবস্থায় তাঁদের মধ্যে বাড়ছে ক্ষোভ। সমস্যার সমাধানে তাঁদের সমস্ত রকম আইনি সহয়তা দিতে এগিয়ে এল কলকাতা জেলা আইনি সহয়তা কর্তৃপক্ষ (লিগ্যাল এইড)। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ওই যৌন কর্মীরা যাতে ট্রাইবুনালে এই বিষয়ে আবেদন করতে পারেন, তার জন্য সমস্তরকম পদক্ষেপ করা হয় লিগ্যাল এইডের তরফে। সোমবার এই বিষয়ে এক শিবিরের আয়োজন করা হয়। কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ সহ সংস্থার নানা কর্তা‑ব্যক্তিরা সেখানে হাজির ছিলেন। হাজির ছিলেন নাম বাদ যাওয়া যৌন কর্মীরাও। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর বলেন, ‘এত সংখ্যক যৌন কর্মীর নাম বাদ যাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। লিগ্যাল এইড কর্তৃপক্ষ এই বিষয়ে আইনি সহয়তা দিতে এগিয়ে আসায় আমরা সন্তোষ প্রকাশ করছি। আমাদের দাবি, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হোক।