• শ্রীরামপুর: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সোমবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠল এলাকা। তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, এদিন রাজ্যধরপুরে বিজেপি প্রার্থীকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। বেগতিক বুঝে তিনি গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে স্থানীয়রাই তাঁকে ঘিরে ফেলেন। সেখানে একদফা ধস্তাধস্তি হয়। গোটা ঘটনায় পালটা হেনস্তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য।

    ঘটনার পরপরই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। টাকা বিলির ভিডিয়ো ফুটেজ দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোট প্রচারের পর রাজ্যধরপুরে একটি সাদা রঙের চারচাকা গাড়ি নিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ভাস্কর। সেখানেই তিনি একটি মন্দিরে পুজো দিয়ে ১৭ হাজার টাকা প্রণামী দেন বলে জানা গিয়েছে। পরে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকার ঘোষণা নিয়ে প্রচার করেন। তৃণমূলের দাবি, সেই সময় বেশ কিছু মহিলাকে তিনি তিন হাজার টাকা করে দেন। প্রথম মাসের টাকা বলে দাবি করেছেন ওই প্রার্থী। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীদের একাংশ তাঁকে ঘিরে ধরে। যে প্রকল্প চালুই হয়নি, তার টাকা কীভাবে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে ধাক্কাধাক্কিও করা হয়। সেই সময় তিনি সেখান থেকে সরে পড়েন। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর তাঁর গাড়ি ফের আটকায় উত্তেজিত জনতার একাংশ। তাঁকে কার্যত দীর্ঘসময় আটক করে রাখেন স্থানীয়রা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভাস্করবাবু তাঁকে হেনস্তার অভিযোগ তুলে থানায় যান। তবে রাত পর্যন্ত তিনি অভিযোগ করেছেন কি না, তা পুলিশ প্রশাসন স্পষ্ট করেনি। ভাস্করবাবু বলেন, আমি কোথাও টাকা বিলি করিনি। আমার পকেট বা গাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। তৃণমূল একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছেড়েছে। কিন্তু সেখানেও টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি। আসলে আমাকে ভয় পেয়েছে ওরা। তাই এদিন হেনস্তা করেছে। 

    তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ বলেন, টাকা বিলি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়েছেন বিজেপি প্রার্থী। প্রয়োজনে গ্রামবাসীরাই সাক্ষ্য দেবেন। নানা অছিলায় টাকা বিলি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে, তারা নিরপেক্ষ। আমরা সেই অপেক্ষাতেই আছি। ইতিমধ্যেই কমিশনে অভিযোগ করা হয়েছে। বিজেপি প্রার্থী বুঝে গিয়েছেন, প্রলোভন আর টাকা বিলি করা ছাড়া তাঁর ভাগ্যে ভোট জুটবে না। 
  • Link to this news (বর্তমান)