তারকা সমারোহে ভোট প্রচার শেষ, সন্ধ্যা নামতেই থামল মাইকের শব্দ
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে থেমে গেল মাইকের আওয়াজ। ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হল। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছিলেন তারকারা। বারাসত থেকে অশোকনগর বা বসিরহাটের বিস্তীর্ণ এলাকাজুড়ে হইচই শেষে এখন শুধুই অপেক্ষা।
তবে শেষ লগ্নে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থীরা। সকালবেলা দেগঙ্গায় প্রচারের রংটা ছিল অনেকটা মাটির গন্ধমাখা। প্রার্থী আনিসুর রহমান বিদেশ আমুলিয়া ও নুরনগর পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন। শুনলেন অভাব-অভিযোগ। অশোকনগরে প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে হাজির হন অভিনেত্রী শুভশ্রী। তাঁর আগমনে শেষ মুহূর্তের প্রচারে বাড়তি চমক, আর মানুষের ভিড় যেন আরও ঘন হয়ে ওঠে। এদিকে হাবড়া শহরে মিছিল করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রোড শো ঘিরে জনতার উৎসাহ চোখে পড়ার মতো। বারাসতে সব্যসাচী দত্তের সমর্থনে রাস্তায় নামেন পরমব্রত চট্টোপাধ্যায় ও সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া। ছোটো জাগুলিয়ার গ্রামাঞ্চলে হুডখোলা গাড়িতে তাঁদের রোড শো, গ্রামের সরু রাস্তা, কৌতূহলী জনতা আর তারকাদের হাত নাড়া—সব মিলিয়ে যেন এক আলাদা আবহ। এই সব কোলাহলের মাঝে আত্মবিশ্বাসী বার্তা শোনালেন জুন মালিয়া। তাঁর দাবি, প্রথম দফায় সেঞ্চুরি হয়েছে। দ্বিতীয় দফায় লক্ষ্য ডবল সেঞ্চুরি। তাঁর আরও দাবি, জয়ের পর দিল্লির সংসদে নিয়ে যাব বাংলার রসগোল্লা, রাজভোগ, সীতাভোগ। আর তা খাওয়াব অমিত শাহ, প্রধানমন্ত্রী-সহ বিজেপির সাংসদদের। রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও এই ‘মিষ্টি’ প্রতিশ্রুতি যেন বাংলার সংস্কৃতির এক প্রতীকী প্রকাশ। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল বসিরহাট শহরে মহিলা-ব্রিগেডকে নিয়ে বর্ণাঢ্য মিছিল করেন। সব মিলিয়ে শেষ দিনের প্রচার তাই শুধু ভোট চাওয়ার আনুষ্ঠানিকতা ছিল না। এ ছিল জনতার সঙ্গে শেষ বারের মতো চোখে চোখ রাখা, হাত ধরা, আর বিশ্বাস জাগানোর চেষ্টা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে থেমে গেল প্রচারের শব্দ। কিন্তু রয়ে গেল সেই আবেগের রেশ।