মিছিল দিয়ে শেষ হল বামেদের, প্রচার বালিগঞ্জে ভোটারদের ফোন প্রার্থীর
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ বেলার প্রচার মিছিলে পা মিলিয়ে শেষ করল বামেরা। এরই মধ্যে নতুনত্ব এনেছে তারা। বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী আফরিন বেগমের ফোন পাচ্ছেন ভোটাররা। ভেসে আসছে আফরিনের কণ্ঠস্বর। বিকেলে মল্লিকবাজার থেকে রোড শো করেন আফরিন। শেষ দিনের প্রচারে কাশীপুর বেলগাছিয়া, কলকাতা বন্দর কেন্দ্রেও মিছিল হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ছোটো বড়ো পথসভা চলেছে।
সোমবার বিকেলে মল্লিকবাজার থেকে আইস স্কেটিং পর্যন্ত রোড শো করেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম। তাঁর সমর্থনে উপস্থিত হয়েছিলেন সুজন চক্রবর্তী, ঐশী ঘোষ, অভিনেতা বাদশা মৈত্র প্রমুখ। কোয়েস্ট মলের সামনে আসতেই মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে সামান্য কথা কাটাকাটিও হয়। তবে আফরিন এই বছর সিপিএমের প্রার্থী হিসাবে প্রচারে চমক এনেছেন। এদিন সকাল থেকে বালিগঞ্জের ভোটারদের কাছে ফোন ও মেসেজ যাচ্ছে। সেখানে আফরিন ভোটের আবেদন জানাচ্ছেন।
দুপুরের দিকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজেন্দ্র গুপ্তার সমর্থনে পদযাত্রা হয়। সেখানে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য সহ এক ঝাঁক তারকা। সকালের দিকে কলকাতা বন্দরের সিপিএম প্রার্থী ফৈয়জ আহমেদ খানের সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। মানিকতলা কেন্দ্রের সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষও এদিন স্টার থিয়েটার থেকে মিছিলে প্রচার শেষ করেন। তবে কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস এদিন বাড়ি বাড়ি প্রচার করেছেন। ৬৬ ও ৬৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন। আর এক বামদল এসইউসি-র শ্যামপুর কেন্দ্রের প্রার্থী গৌরাঙ্গ খাটুয়া পথসভা করেন। দীর্ঘ এক মাসের প্রচার শেষে প্রার্থীদের মুখে একটাই কথা, ‘প্রচার ভালো হল। এবার সবটা মানুষের উপর নির্ভর করছে।’