বিজেপি প্রার্থীর সভায় আক্রান্ত তরুণী, বাবার সামনেই বেধড়ক মার সোদপুরে
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোট প্রচারে নারী নিরাপত্তা নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। এমনকি আর জি কর কাণ্ডে খুন হওয়া ডাক্তার ছাত্রীর মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে তারা। অথচ, সোমবার সেই রত্না দেবনাথের সামনে সিপিএমের প্রচার গাড়িতে হামলা চালানো হল। বাবার সামনে আক্রান্ত হলেন তরুণী। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিপিএমের দাবি, বিজেপি নারী বিদ্বেষী দল। তাই তারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির দাবি, কোনো হামলা হয়নি। তাঁদের পথসভার মঞ্চের সামনে সিপিএম নির্বাচনি প্রচারের টোটো দাঁড় করিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্ররোচনা দিচ্ছিল।
সোমবার দুপুরে আগরপাড়ার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝে মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির পথসভা ছিল। দুপুরে পথসভায় আসেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তিনি বক্তব্য রাখা শুরু করেন। সেই সময় সিপিএম প্রার্থীর সমর্থনে টোটোয় প্রচার চলছিল। টোটোয় শ্রীলেখা মুখোপাধ্যায় নামের যুব বাম কর্মী ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায় ছিলেন। তা দেখে বিজেপি কর্মীরা দৌড়ে আসেন। তাঁরা সেখান থেকে টোটো অন্যত্র নিয়ে যেতে বলেন। এই নিয়ে সামান্য বচসা হয়। বিজেপি কর্মীরা ওই টোটোয় লাগানো সিপিএম প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার পাশাপাশি মাইকের তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে ওই যুবতী ও তাঁর বাবাকে গালিগালাজ ও মারধর করা হয়। এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। খড়দহ থানায় শ্রীলেখা লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীলেখা বলেন, আমরা টোটোয় চেপে প্রচার করছিলাম। বিজেপির গুন্ডারা ওই জায়গা থেকে চলে যেতে বলেছিল। তার মধ্যে ওরা হামলা চালায়। আমাকে ও বাবাকে মারধর করে।
সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, বিজেপি আসলে নারী বিদ্বেষী দল। ওরা ধর্ষকদের ফুলের মালা পরায়। ওদের দখলে থাকা রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। এখানেও ওরা নারী স্বাধীনতা বিশ্বাস করে না।
বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় বলেন, পুলিশের অনুমতি নিয়ে ওই জায়গায় পথসভা চলছিল। মঞ্চের পাশে সিপিএমের প্রচারের টোটো এনে আচমকা দাঁড় করিয়ে দেওয়া হয়। আমাদের কর্মীরা মাইকের সাউন্ড কমানোর অনুরোধ করেছিলেন। ওঁরা বাধা দেন ও দু’পক্ষের বচসা হয়। আসলে পানিহাটিতে বিরোধী ভোট ভাগ করে তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে সিপিএম। মানুষ এবার ওই ফাঁদে পা দেবে না।