নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝুপড়িবাসী বছর তেরোর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। অভিযোগের তির নাবালিকার দূর সম্পর্কের এক দাদুর দিকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাবালিকার বাবা স্থানীয় সবজি দোকানে কাজ করেন। মা পেশায় পরিচারিকা। বাড়িতে একা পেয়ে গত ২৪ এপ্রিল অভিযুক্ত নাবালিকার উপর নির্যাতন চালান বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই স্থানীয় সার্ভে পার্কে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারটি। যার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ভোটের মুখে বিষয়টিতে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছিল কয়েকটি দল। যদিও কলকাতা পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করছে। এদিকে, ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত দাদু পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। রবিবার রাতে মথুরাপুরে অভিযান চালিয়েও তাঁর নাগাল পাওয়া যায়নি।