নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মুখে হঠাৎই বিগড়ে গেল কলকাতা পুলিশের ‘এলটিই’ ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা। সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, হঠাৎই এলটিই-সার্ভার বসে যায়। ফলে কলকাতা পুলিশের এলটিই ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ভিভিআইপিদের প্রচার চলাকালীন সমস্যায় পড়েন কর্তব্যরত পুলিশ অফিসাররা। জরুরি ভিত্তিতে পরিষেবা স্বাভাবিক করার জন্য দিল্লির সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কর্তাকে চিঠি পাঠান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ওয়্যারলেস নাভিন্দার সিং পাল। পাশাপাশি বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাতের দিকে পুলিশ কমিশনার অজয় নন্দা দাবি করেছেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরে তা মিটে গিয়েছে।’