রাহুলের মৃত্যু: ছবির সঙ্গে যুক্ত সকলের বিমার সিদ্ধান্ত
বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যুটিংয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল টলিপাড়ায়। তারপর আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) তৈরির প্রস্তাব জানানো হয়। সোমবার এসওপি সংক্রান্ত বৈঠক হয় ইমপাতে। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রদীপ নন্দী সহ আরও অনেকে।
জানা গিয়েছে, সকলের সম্মতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। এবার থেকে কোনও ছবির কাজ শুরুর আগে এর সঙ্গে যুক্ত সকলের বিমা হবে। ছবির বাজেট অনুযায়ী বিমার পরিমাণ নির্ধারিত হবে। এসওপি সংক্রান্ত খুঁটিনাটি আলোচনার জন্য আরও একদিন বৈঠক হবে বলে খবর। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘রাহুলের মৃত্যুর ঘটনা কোনোভাবে কাম্য নয়। এই ঘটনা আমাদের ভবিষ্যৎ ভাবতে সাহায্য করেছে।’