• ভিডিয়ো প্রকাশ্যে এনে উত্তরপ্রদেশের সিংহমকে ‘ফান্টা কপ’ খোঁচা তৃণমূলের, বিজেপির দাবি, ‘কমিশন নিয়োগ করেছে’
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফা ভোটের ২৪ ঘণ্টা আগে নতুন করে বিতর্ক দানা বাঁধল দক্ষিণ ২৪ পরগনা জেলায় নিযুক্ত বিশেষ পুলিশ অবজ়ার্ভার অজয় পাল শর্মাকে নিয়ে। উত্তরপ্রদেশ ক্যাডারের এনকাউন্টার স্পেশালিস্ট এই আইপিএস অফিসার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের খোঁজ করার নামে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। সেই অজয়কে ঘিরে বিতর্ক তৈরি হলো মঙ্গলবারও। সৌজন্যে তৃণমূলের প্রকাশ্যে আনা একটি ভিডিয়ো। বাংলার শাসকদলের দাবি, ওই ভিডিয়োয় নতর্কীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের ‘সিংহম’কে! যদিও তৃণমূলের প্রকাশ করা ভিডিয়োটির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তবে এই নিয়ে রাজনীতি শুরু হতে দেরি হয়নি।

    নিজের এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন সাংসদ মহুয়া মৈত্র। ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন যুবকের সামনে নাচছেন নতর্কীরা। সাদা ট্রাউজার্স পরে তাঁদের সঙ্গে নাচছেন এক যুবকও। তৃণমূলের দাবি, সেই যুবকই আইপিএস অফিসার অজয়। তাঁকে ট্যাগ করে মহুয়া সমাজমাধ্যমে লিখেছেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া— ফান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভালো লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল।’

    যদিও ভিডিয়োটি কবে কার, তার কোনও ইঙ্গিত দেননি মহুয়া। ভিডিয়োটি দেখেও তা বোঝার উপায় নেই। তবে তৃণমূূল মুখপাত্র ঋজু দত্তও ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘নির্বাচনের কাজে এসে সিংহম কোথায় ব্যস্ত রয়েছেন দেখুন আপনারা।’ সেই সঙ্গেই ঋজু লিখেছেন, ‘ধর্ষকদের বাঁচানো, তাদের বিভিন্ন কাজে নিয়োগ করা এবং তাদের গলায় ফুলের মালা পরানোর ইতিহাস রয়েছে অমিত মালব্য এবং তাঁর বসদের। আসলে বিজেপি বাংলায় এ রকমই পরিবর্তন আনতে চায়।’

    তৃণমূলের প্রকাশ করা ভিডিয়ো প্রসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল এই সময় অনলাইন। তবে তা এখনও সম্ভব হয়নি। কমিশনের তরফে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া মেলেনি। তবে কমিশনের একটি সূত্রের বক্তব্য, খোঁজখবর না নিয়ে এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা যায় না। অন্য দিকে, বিজেপির মুখপাত্র বিমলশঙ্কর নন্দ বলেন, ‘প্রাইভেট পার্টিতে কে কী করেছে, তা আমাদের জানার কথা নয়। আর এ সব বিষয় নিয়ে মহুমা মৈত্র যত কম বলবেন, তত ভালো। পুলিশ পর্যবেক্ষক কমিশন নিয়োগ করেছে। এ বিষয়ে যা বলার কমিশনই বলবে।’

    বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের ভোটে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া উত্তরপ্রদেশের এক সিনিয়র পুলিশ কর্তার অশালীন ভিডিয়ো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বিজেপি সরকারের তথাকথিত ‘নারীর সম্মান’ ও ‘নারী বন্দনা’র দাবির মুখোশও সম্পূর্ণ ভাবে খুলে গিয়েছে। মহিলাদের সুরক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁরাই যদি ‘এমন’ হন, তা হলে তাঁদের নিরাপত্তা কী ভাবে নিশ্চিত করা হবে? আজ বিজেপির সঙ্গে যুক্ত প্রতিটি নারী লজ্জিত।’

  • Link to this news (এই সময়)