• সাঁজোয়া গাড়ি নিয়ে তৃণমূল প্রার্থীর অফিসের সামনে উত্তরপ্রদেশের ‘সিংহম’! পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান অজয়কে ঘিরে
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার বিতর্কে জড়িয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাশ শর্মা। ভিডিয়ো (সেটির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি) প্রকাশ্যে আসার পরে অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা এই আইপিএস অফিসার এক্তিয়ার-বহির্ভূত কাজ করছেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার সাঁজোয়া গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে সেই জাহাঙ্গিরের অফিসের সামনে পৌঁছে গেলেন ‘সিংহম’ অজয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হলো ফলতা। অজয়কে দেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরাও।

    কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ফলতার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান অজয়। সূত্রের খবর, এলাকায় যাঁদের বিরুদ্ধে ভোটাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, তাঁদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই সব ব্যক্তির বাড়িতেই যাচ্ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। প্রশাসনের একটি অংশের দাবি, সেই সূত্রেই তিনি পৌঁছে গিয়েছিলেন জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের অদূরে একটি গ্রামে। সেখান থেকে বেরোনোর সময়েই সাঁজোয়া গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলের ওই পার্টি অফিসের সামনে দিয়ে যান অজয়। সেই সময়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

    তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, জাহাঙ্গির বা তৃণমূলের কেউই কাউকে ভয় দেখাননি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উল্টে অজয়ের বিরুদ্ধেই ভয় দেখানোর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তোলা হয় জয় বাংলা স্লোগানও। জাহাঙ্গির বলেন, ‘পুলিশ অবজ়ার্ভার এ সব করতে পারেন না। কোথাও কোনও অভিযোগ উঠলে উনি স্থানীয় পুলিশ সুপারকে জানাবেন। উনি মহিলা-পুরুষ সকলকে হুমকি দিচ্ছেন। উনি সিংহম হলে আমি পুষ্পা। আমরা মাথানত করি না। আমরা মাথানত করি শুধু মানুষের সামনে গণদেবতার সামনে।’ বিক্ষোভকারী আর এক তৃণমূল কর্মী বলেন, ‘এটা ফলতার মাটি। এখানে চমকানো যাবে না।’

  • Link to this news (এই সময়)