• পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপই করল না হাইকোর্ট
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপই করতে চাইল না কলকাতা হাইকোর্ট।

    ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়। তাঁর বিরুদ্ধে এ বার একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। কিন্তু আদালত এতে হস্তক্ষেপই করতে চাইল না।

    সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয়। তিনিই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। আইনজীবীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে। আদালতের কাছে আইনজীবীর আবেদন, ওই আইপিএস অফিসারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক।

    কিন্তু মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। বিচারপতি কৃষ্ণা রায় জানিয়েছেন, ২৯ এপ্রিল (এই দিন বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ) পর্যন্ত আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হোক।

    প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও ফলতার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান অজয়। সূত্রের খবর, এলাকায় যাঁদের বিরুদ্ধে ভোটাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, তাঁদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই সব ব্যক্তির বাড়িতেই যাচ্ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। প্রশাসনের একটি অংশের দাবি, সেই সূত্রেই তিনি পৌঁছে গিয়েছিলেন জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের অদূরে একটি গ্রামে। সেখান থেকে বেরোনোর সময়েই সাঁজোয়া গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলের ওই পার্টি অফিসের সামনে দিয়ে যান অজয়। সেই সময়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

    তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, জাহাঙ্গির বা তৃণমূলের কেউই কাউকে ভয় দেখাননি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উল্টে অজয়ের বিরুদ্ধেই ভয় দেখানোর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তোলা হয় জয় বাংলা স্লোগানও। জাহাঙ্গির বলেন, ‘পুলিশ অবজ়ার্ভার এ সব করতে পারেন না। কোথাও কোনও অভিযোগ উঠলে উনি স্থানীয় পুলিশ সুপারকে জানাবেন। উনি মহিলা-পুরুষ সকলকে হুমকি দিচ্ছেন। উনি সিংহম হলে আমি পুষ্পা। আমরা মাথানত করি না। আমরা মাথানত করি শুধু মানুষের সামনে গণদেবতার সামনে।’ বিক্ষোভকারী আর এক তৃণমূল কর্মী বলেন, ‘এটা ফলতার মাটি। এখানে চমকানো যাবে না।’

  • Link to this news (এই সময়)