নির্বাচনী প্রচারের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে মন্তব্য করে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এই অভিযোগে মামলাটি দায়ের করেছেন আইনজীবী শুভাশিস দাশগুপ্ত। তাঁর দাবি, অমিত শাহের বক্তব্য জনমানসে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং তা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। প্রথমে তিনি থানায় এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশি সহযোগিতা পাননি বলে জানিয়েছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আদালত মামলা গ্রহণের অনুমতি দিয়েছে। আগামী ৩০ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
তিনি অভিযোগ করেন, অমিত শাহ একাধিক সভা থেকে উত্তেজনাপূর্ণ মন্তব্য করছেন, যা নির্বাচনী পরিবেশের পক্ষে ক্ষতিকর। এমনকি তিনি আইনজীবীদের এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই এবার বিষয়টি আদালতে গড়াল।