• মমতাকে গুলি করার হুমকি পোস্ট বিজেপি মুখপাত্রর! ‘৪ তারিখ জবাব পাবে’, তোপ তৃণমূলের
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
  • বঙ্গে শেষ দফা ভোটের (Bengal Election 2026) আগেই যেন হিংসাত্মক পরিবেশ। সুষ্ঠু ও অবাধ ভোট করাতে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই কড়া ভাষায় হুমকি দিচ্ছেন কমিশন নিযুক্ত যোগীরাজ্যের ‘সিংঘম’ অজয় পাল শর্মা। এমনকী প্রার্থীকেও ছাড়ছেন না। তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হচ্ছে। এর মাঝে ওই পুলিশ অফিসারের হুমকির ভিডিওটি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর তাঁর পোস্টে মন্তব্য করতে গিয়ে দলের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোক রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি দেন। এবার তার পালটা জবাবে তৃণমূল নেতা শান্তনু সেন বললেন, ”এসব বাংলায় চলে না। ৪ মে ব্যালট বাক্স খোলা হলে এর জবাব পাবে।”

    সোমবার অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।”

    এই ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অমিত মালব্য। আর তা শেয়ার করে বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোক লেখেন, “লাথি খাওয়া লোকজন মুখের কথা শোনে না। নির্বাচনের ফলাফল বেরনো পর্যন্ত এরা না পালিয়ে যায়। হুমকি দিলে তো গুলি খেতে হবে দিদি।” এটুকু লিখে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করেছেন। আর তাতেই স্পষ্ট হুঁশিয়ারি। এই পোস্টের স্ক্রিনশট নিয়ে তৃণমূল নেতৃত্ব পালটা জবাব দিল।

    শান্তনু সেনের কথায়, “কখনও দেশের প্রধানমন্ত্রী ‘দিদি, এ দিদি’, কখনও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দিদি এই দিদি’ বলে কটাক্ষ করছেন। তাদের সর্বভারতীয় মুখপাত্র সোশাল মিডিয়ায় পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘ঠোকা’ মানে গুলি করার হুমকি দিচ্ছেন। এসব বাংলায় চলবে না। দেশের ৩ বারের মন্ত্রী, সাতবারের সাংসদ আর এ রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী হতে চলা একজন বলিষ্ঠ মহিলাকে তাঁরা অপমান করছেন। আগামী ৪ মে ব্যালটবাক্স খোলার পরই এসবের জবাব পাবেন আপনারা।”
  • Link to this news (প্রতিদিন)