• বাতিল ‘সিংঘম’ মামলা, পুলিশ পর্যবেক্ষক অজয়কে নিয়ে হস্তক্ষেপ করল না হাই কোর্ট
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
  • বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের (Bengal Election 2026) মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘দাবাং’ মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা (Ajay Pal Sharma), যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয়। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দিল আদালত। জানিয়ে দেওয়া হল, ভোটের দায়িত্ব পাওয়া পুলিশ অফিসারদের নিয়ে মামলায় ২৯ তারিখ পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না।

    মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের ‘সিংঘম’ অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাকারী এক আইনজীবী সওয়াল করে জানান, ‘‘অজয় পাল শর্মাকে আটকান। তিনি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন।” কিন্তু মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। তবে মৌখিকভাবে শুনে বিচারপতি জানিয়ে দেন, ২৯ এপ্রিল অর্থাৎ শেষ দফা ভোট পর্যন্ত যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করবেন না।

    আসলে অজয় পাল শর্মার সোমবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।” এরপর মঙ্গলবার সরাসরি ‘সিংঘম’ পুলিশ পর্যবেক্ষক ফলতার প্রার্থী জাহাঙ্গির খানের পাড়ায় পৌঁছে যান। তাঁকে দেখে জাহাঙ্গীর অনুগামীরা ঘেরাও করেন। ‘জয় বাংলা’ স্লোগান তোলা হয়। রীতিমতো তপ্ত পরিবেশ তৈরি হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সব নিয়ন্ত্রণে ছিল।
  • Link to this news (প্রতিদিন)