• মাঝরাতে মেয়রের বাড়িতে বাহিনী! ফিরহাদ বললেন, ‘নকশাল আমলে এমন দেখেছি’
    প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফা ভোটের ৩৬ ঘণ্টা আগে সোমবার রাতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদকে ধমকানোর অভিযোগ বাহিনীর কমান্ডার ও পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। কোনওরকম অশান্তি হলে বুঝে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফিরহাদের (Firhad Hakim) দাবি, “নকশাল সময়ে এমন দেখেছিলাম। হুমকি দিয়ে বলা হয়েছে কিছু হলে বুঝে নেওয়া হবে। চেতলায় কোনও দিন অশান্তি হয়নি। আমাকে ধমকাচ্ছে।”

    কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চেতলার বাসিন্দা। তিনি কলকাতা বন্দর আসনে তৃণমূলের প্রার্থী। অভিযোগ, সোমবার রাতে বিদায়ী মন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ পর্যবেক্ষক। অভিযোগ, সেই সময় তাঁকে ধমকানো হয়। ফিরহাদ জানিয়েছেন, “আমাকে ডেকে বলা হয় এলাকায় যেন কোনও সমস্যা না হয়। এজেন্টদের বসতে বাধা না দেওয়া হয়। না হলে বুঝে নেওয়া হবে। আমি জানাই, চেতলায় কোনও ঝামেলা হয় না। তখনও বলা হয় না হলেই ভালো। নয়তো বুঝে নেওয়া হবে।” তিনি আরও বলেন, “এই রকম নকশাল আমলে দেখেছি। সেই সময় বাড়িতে, বাড়িতে তল্লাশি চালানো হত।” পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, “আমি কি রিগিং করেছি? কোনওদিন বন্দুক, ছুরি চালিয়েছি? আমাকে এসে চমকাচ্ছে। মানুষ বিষয়টি ভালো ভাবে নেবে না।”

    রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র ২৭৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতাতেই। নিয়োগ করা হয়েছে অনেক বেশি পুলিশ পর্যবেক্ষক।  তবে অনেক জায়গা থেকে অভিযোগ উঠছে, ক্ষমতার অপব্যবহার করছে তাঁরা। অনেক প্রার্থীকে ধমকানো হচ্ছে। এবার ফিরহাদ হাকিমকে ধমকানোর অভিযোগ উঠল বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। 
  • Link to this news (প্রতিদিন)