• ভোটের দু’দিন আগে সাংসদের গাড়িতে হামলা, এখন কেমন আছেন মিতালি বাগ?
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সাংসদ মিতালি বাগ, তেমনটাই খবর হাসপাতাল সূত্রে। তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগে সোমবারই চরম উত্তেজনা ছড়ায় হুগলির গোঘাটে। সেই ঘটনায় আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে বিজেপি। আহত হন মিতালি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত আরামবাগ হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।

    সোমবার ছিল ভোটের প্রচারের শেষ দিন। আরামবাগে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাতে যাওয়ার পথেই মিতালির গাড়িতে হামলা হয়। গাড়ির সামনের কাচ ভেঙে যায়। বাঁশ, লাঠি দিয়ে এলোপাথারি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। আহত সাংসদকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সাংসদের উপরে হামলার খবর পেয়ে সেখানে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    হাসপাতাল সূত্রে খবর, এখন সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে। মঙ্গলবারও ICU-এই রয়েছেন তিনি। সকালে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। খাবারও খেয়েছেন তিনি। তবে চিকিৎসকরা তাঁকে কথা কম বলতে বলেছেন। এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সাংসদ।

    অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, গোঘাটে অশান্তির ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিন তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হবে। এ দিন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। ভোটের আগের দিন এলাকা থমথমে।

  • Link to this news (এই সময়)