• দিল্লিতে বড় মাপের জঙ্গি হামলার ছক বানচাল! উদ্ধার বিপুল অস্ত্র, নেপথ্যে পাকিস্তান-বাংলাদেশ-নেপাল চক্র
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ নিয়ে বাংলা যখন ব্যস্ত, সেই সময়েই রাজধানী দিল্লিতে এক ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করল ভারতীয় নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোয়েন্দা সূত্রে এই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। জানা গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল জুড়ে বিস্তৃত এক আন্তর্জাতিক অপরাধ চক্রের সাহায্যে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

    রিপোর্ট অনুযায়ী, নয়জন সন্দেহভাজন অপারেটিভের কাছ থেকে ১৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বেআইনি অস্ত্র তৈরির আঁতুড়ঘর, বিহারের মুঙ্গের হয়ে এই অস্ত্রগুলি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ করার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA-র ওয়ান্টেড তালিকায় নাম থাকা শাহবাজ আনসারিও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

    এর আগেই, গত ২৪ এপ্রিল উত্তরপ্রদেশ অ্যান্টি-টেরর স্কোয়াড বা ATS নয়ডা থেকে তুষার চৌহান ওরফে হিজবুল্লা আলি খান এবং সমীর খান নামে দুই যুবককে গ্রেপ্তার করেছিল। ATS সূত্রে খবর, এরা পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর দুই হ্যান্ডলার, শাহজাদ ভাট্টি ও আবিদ জাটের নির্দেশে সোশ্যাল মিডিয়ায় যুবকদের মগজধোলাই করত।

    ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছিল। তার প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে গত কয়েকদিন ধরে হাই অ্যালার্টে রয়েছে নিরাপত্তা বাহিনী। এ মধ্যেই এই হামলার ছক বানচাল করার খবর সামনে এল। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)