দ্বিতীয় দফায় ১৪২টি আসনের ভাগ্য নির্ধারণ বুধবার। প্রথম দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি রাজ্যে। দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই দফায় মোট ২,৩৪৩ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল ব্যবস্থা করেছে। ওয়েব কাস্টিং রয়েছে প্রতিটি বুথে। যে কোনও বুথের ১০০ মিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মনোজকুমার বলেন, ‘সকলকে কমিশন জানাচ্ছে শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিতে। যে ভাবে দুর্গাপুজোয় সকলে যান, সেইভাবেই ভোট দিতে যান। যাঁরা সমস্যা তৈরি করবে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কমিশন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙর, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, গোঘাট-এর মতো বিধানসভা এলাকাগুলি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। মোট ৩০% বুথ স্পর্শকাতর বলে জানান রাজ্যের CEO। এই বুথগুলিতে ও তার আশেপাশে বাড়তি ক্যামেরা বসানো হয়েছে।
দ্বিতীয় দফায় রাজ্যে মোট ৪১,০০১টি বুথে ভোটগ্রহণ হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৪৪৮, যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১,২২৮ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২২০ জন্য। মোট ভোটারের ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন।