তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন IPS অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের 'সিংঘম'-এর এই ভিডিওই এখন ভাইরাল। দিনভর চর্চার কেন্দ্রবিন্দু কয়েকশো এনকাউন্টার করা এই IPS। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে 'সিংঘম' IPS-র বিরোধিতা করে তৃণমূল। বলিউডি কায়দায় 'সিংঘম'-র বিপক্ষে নিজেদের 'পুষ্পা' বলে দাবি করেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস।
কী বললেন অরূপ বিশ্বাস?
অরূপের কথায়, কীসের 'সিংঘম'? 'আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুকেগা নেহি...ভয়ডর নেই। লড়াই চলছে, চলবে।'
নির্বাচন কমিশনকে নিশানা করে তাঁর আরও বক্তব্য, "পর্যবেক্ষকদের নিরপেক্ষ থাকতে হবে। সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কোনও পদক্ষেপ নেওয়া বা কোনও নির্দিষ্ট দলকে টার্গেট করার যেকোনোওপ্রচেষ্টাকে আইনগতভাবে মোকাবিলা করা হবে।"
চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, "আমরা এই ধরনের কাজের নিন্দা জানাই। মনে হচ্ছে, কোনও না কোনও অজুহাতে শান্তি বিঘ্নিত করার জন্যই তাঁকে আনা হয়েছে?"
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স-এ দু'টি ভিডিও শেয়ার করেন। সেখানে এক ব্যক্তিকে দেখা যায় হাততালি দিতে, সঙ্গে দুই নর্তকী। ওই ভিডিওটি IPS অজয় পালের বলে দাবি করা হচ্ছে। পোস্টটিতে ওই অফিসারকে ট্যাগও করেন মহুয়া। লেখেন, "আপনাকে বেশ আনন্দ করতে দেখে ভালো লাগছে... আশা করি আপনার নাচের দক্ষতার চেয়ে আপনার পুলিশি দক্ষতা ভালো।" অজয় পাল শর্মাকে পাল্টা নিশানা শানাচ্ছে তৃণমূল।