• গুজরাটে পুরভোটে গেরুয়া ঝড়, ১৫ পুরনিগমের সবকটি জিতে নিল বিজেপি, সুরাটে বিপর্যয় আপের
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • গুজরাটে পুরভোটে গেরুয়া ঝড়। সেখানে ১৫টি পুরনিগমের (মিউনিসিপ্যাল কর্পোরেশন) সবকটিই জিতে নিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হল গেরুয়া শিবির। বলা বাহুল্য, নিরুঙ্কুশ জয়ে গুজরাটে আরও কোণঠাসা হল বিরোধী কংগ্রেস, আপ-সহ অন্য দলগুলি।

    এর মধ্যে আমেদাবাদে ১৯২আসনের মধ্যে ১৪৬টি জিতে নিয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। সুরাটে ভরাডুবি হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। যেখানে গতবার ২৭টি আসন পেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল আপ। এবার মাত্র ৪টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে তারা। অন্যদিকে ডায়মন্ড সিটিতে এবারে বিজেপি জিতে নিয়েছে ১১৫ আসনে। একইভাবে রাজকোট, ভদোদরাতে ৬৫টি করে আসন পেয়ে পুরসভার দখল নিয়েছে মোদি-শাহর দল।

    এছাড়াও সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, করমসদ-আনন্দ, নাদীয়াদ, নভসারী, ভাপি এবং মোরবী-সহ ১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে বিজেপি। উল্লেখ্য, রবিবার গুজরাটে ১৫টি পুরনিগমের পাশাপাশি ৮৪টি পুরসভা (মিউনিসিপ্যালিটি), ৩৪টি জেলা পঞ্চায়েত এবং ২৬০টি তালুকা (ব্লক) পঞ্চায়েতের নির্বাচন ছিল। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপির জয়জয়কার। কিছু গ্রামীণ অঞ্চলে সাফল্য পেয়েছে কংগ্রেস এবং আপ।
  • Link to this news (প্রতিদিন)