• ‘সিংঘম’ অফিসার অজয়ের সঙ্গে অসহযোগিতা! ভোটের ১২ ঘণ্টা আগে ফলতার জয়েন্ট বিডিওকে সরাল কমিশন
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফার ভোটের (Bengal Election 2026) বাকি মাত্র ১২ ঘণ্টা। তার আগে ফের রদবদল করল কমিশন। সরিয়ে দেওয়া হল ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে। উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পালশর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগে সরিয়ে দেওয়া হল তাঁকে। বিডিওকে পাঠানো হল পুরুলিয়ায়।

    দ্বিতীয় দফায় নির্বাচন (Bengal Election 2026) রয়েছে ফলতায়। তার আগে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার অজয় পালশর্মাকে ফলতার পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়ে এসেছে কমিশন। ‘সিংঘম’ অজয় কাজও শুরু করে দিয়েছেন। জড়িয়েছেন বিতর্কে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর সঙ্গে অসহযোগিতার অভিযোগ জয়েন্ট বিডিও সৌরভ হাজারাকে সরিয়ে দিল কমিশন। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়।

    উল্লেখ্য, সোমবারের পর আজ, মঙ্গলবার ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খানের পাড়ায় যান পুলিশ পর্যবেক্ষক ‘সিংঘম’ অজয় পালশর্মা। আর সেখানেই একেবারে তাঁর মুখোমুখি হন জাহাঙ্গির! অজয় পালশর্মাকে ঘিরে উঠে ‘জয় বাংলা’ স্লোগান। এমনকী তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও দিতে থাকেন তৃণমূল কর্মীরা। আর এই বিক্ষোভের ফলে আটকে পড়ে অজয় পালশর্মার গাড়ি-সহ কমিশনের একাধিক গাড়ি। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অভিযোগ, পুলিশ অবজারভার বিজেপির প্রভাবে কাজ করছেন। পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “এ ভাবে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। ফলতার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন। তিনি আরও বলেন, “ফলতায় কারও ক্ষমতা নেই তৃণমূলকে হারাবে।”

    এ দিকে ফলতার বিভিন্ন এলাকার গন্ডগোল নজরে রেখেছে কমিশন। তবে পুলিশ পর্যবেক্ষক অজয় পালশর্মার কাছে রিপোর্ট চাইবে না কমিশন। ওই আইপিএস অফিসার নিজে মনে করলে, রিপোর্ট জমা দিতে পারেন। এমনটাই জানান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
  • Link to this news (প্রতিদিন)