• বঙ্গভোটের দ্বিতীয় দফার আগে সিল ভারত-বাংলাদেশ সীমান্ত, বন্ধ আন্তর্জাতিক বাণিজ্যও
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • বুধবার দ্বিতীয়দফার নির্বাচন (West Bengal Assembly Election)। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলার ১৪২ আসনে হবে ভোটগ্রহণ। প্রথমদফার মতোই দ্বিতীয়দফাতেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপও। অন্যদিকে অশান্তি এড়াতে ‘সিল’ করে দেওয়া হল ভারত-বাংলাদেশ সীমান্তও। প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য। বন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত পর্যন্ত সীমান্ত বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অশান্তির ঘটনার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত অনেকটাই কমে গিয়েছিল ৷ চিকিৎসার প্রয়োজনে কিছু বাংলাদেশি ভারতে এলেও তার পরিমাণও খুবই কম ছিল। তবে গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশি বাংলায় আসেন চিকিৎসার জন্য। ভোটের জন্য তাঁরাও ফিরে গিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, এ রাজ্যের যে সমস্ত বাসিন্দারা বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনে গিয়েছিলেন তাঁরাও ফিরে আসছেন। মঙ্গলবার সকাল থেকেই পেট্রাপোল বন্দরে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য। বন্ধ রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। শুনশান পেট্রাপলে কার্যত বনধের চেহারা নিয়েছে।

    মঙ্গলবার যশোরের এক বাসিন্দা সকাল সকাল পেট্রাপোল বন্দরে এসেছিলেন বাড়ি ফিরে যাবার জন্য৷ তিনি বলেন, চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলাম৷ বুধবার নির্বাচন থাকায় দ্রুত বাড়ি ফিরে যাচ্ছি৷ এদিকে বাংলাদেশের চট্টগ্রামে গিয়েছিলেন মধ্যমগ্রামের এক বাসিন্দা৷ তিনি জানান, ভোট (West Bengal Assembly Election) দেব। তাই ফিরে এসেছি৷ পেট্রাপল বন্দরের মুদ্রা বিনিময় কেন্দ্রের ব্যবসায়ী জানিয়েছেন, ভোটের দিন পেট্রাপোল বন্দরের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি পেট্রাপোল সীমান্তে বিএসএফে ও পুলিশের নজরদারি আরও জোরদার দেখা যাচ্ছে৷ পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ”২৬ তারিখ থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে ৷ নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে সীমান্ত এলাকাগুলোতে।”
  • Link to this news (প্রতিদিন)