• ভয়ের ভাঙড় থেকে ভাটপাড়া, দ্বিতীয় দফা ভোটের আগে দিকে দিকে এনআইএ-র দল
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফার ভোটের (WB Assembly Election 2026) আগে ভাটপাড়ার ঘটনার তদন্তে মঙ্গলবার এলাকায় পৌঁছল চার সদস্যের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) দল। রবিবার গভীর রাতে ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হন। সেই ঘটনার সূত্রেই তদন্ত শুরু করেছে এনআইএ। মঙ্গলবার জগদ্দল থানায় গিয়ে এলাকার পরিস্থিতি, ঘটনাস্থলের তথ্য এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনাতেও এনআইএ তদন্তকারীরা ভাঙড়ে গিয়ে তদন্ত শুরু করেছে। দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

    রবিবার গভীর রাতে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই সময় তাঁর নিরাপত্তায় থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতেই তৎপরতা বাড়িয়েছে এনআইএ। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

    অন্যদিকে ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। প্রথমে ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই এই সংক্রান্ত মামলা নিজেদের হাতে নিয়েছে এনআইএ।

    উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার নির্বাচনের আগে আরও কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বোমা প্রস্তুতকারীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে বঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গ পুলিশকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, বোমা তৈরির মামলা-সহ এই ধরনের সমস্ত মামলার তদন্ত করবে এনআইএ। ভাটপাড়া এবং ভাঙড় দুটি ঘটনাতেই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে এনআইএ-র দল রাজ্যে এসে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)