• সিংঘম-জাহাঙ্গিরের ‘শো-ডাউন’, একদম ফ্লপ! আইটেম ডান্স বিতর্কের মাঝেই টিপ্পনি অরিত্রর
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফা নির্বাচনের (Bengal Election 2026) প্রাক্কালে চর্চার শিরোনামে ‘সিংঘম’ বনাম ‘পুষ্পা’! যোগীরাজ্য থেকে বাংলায় ভোট পর্যবেক্ষক হিসেবে আসা এনকাউন্টার স্পেশালিস্ট অজয় শর্মাকে নিয়ে সোম রাত থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। ‘সিংঘম’ অফিসারের ব়্যাডারে বিশেষ করে ফলতা কেন্দ্র। বাংলায় পা রেখেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের নাম করে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, “ভালো করে শুনে রাখুন, বদমাইশি করলে এমন চিকিৎসা হবে, তখন কান্নাকাটি করেও কোনও লাভ হবে না।” রাত পোহাতেই ফের মঙ্গলবার সংশ্লিষ্ট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনি নিয়ে ঢুঁ মারেন অজয় পাল শর্মা। সেখানে ‘গো ব্যাক’ স্লোগানের মুখেও পড়তে হয় তাঁকে। সবমিলিয়ে ভোট উৎসবের আবহে ফলতায় টানটান উত্তেজনা। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার ফিল্মি স্টাইলে টিপ্পনি কাটলেন অরিত্র দত্ত বণিক।

    রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করতে নতুন করে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় উল্লেখযোগ্য নাম আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি এই আইপিএস পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে। এমন একজনকে কেন বঙ্গভোটের দায়িত্ব দেওয়া হল? তা নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছে, তখন দায়িত্ব পেয়েই অ্যাকশনে নেমে পড়েছেন যোগীরাজ্যের সিংঘম পুলিশ আধিকারিক। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের নিশ্চিন্তে ভোট দেওয়ার জন্য অভয় দিচ্ছেন তিনি। দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দিচ্ছেন। এরমাঝেই পর পর ২ দিন অজয় পাল শর্মা পৌঁছে যান জাহাঙ্গিরের পাড়ায়। অভিযোগ, জাহাঙ্গির নাকি ভোটারদের ভয় দেখাচ্ছেন! এদিকে অজয় পালকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। ‘পুষ্পা, ঝুঁকেগা নেহি’, এই মন্তব্য করে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। জাহাঙ্গিরের কথায়, “কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট জানি না। আমরা সলমন খানের ‘ওয়ান্টেড’ বই দেখেছি, ‘কিক’ দেখেছি, ‘জনতার আদালত’ দেখেছি। ধমকে চমকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না।” এরপরই আরও সুর চড়িয়ে জাহাঙ্গির খানের মন্তব্য, “আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি…।” সিংঘম-জাহাঙ্গিরের এহেন পরোক্ষ বাকবিতণ্ডায় অস্থির নেটভুবনও। একাংশের মত, এ যেন সিনেমার প্লট! এসবের মাঝেই অজয় পাল শর্মার ‘আইটেম ডান্স’ নিয়ে বিতর্কের ঝড়। ভোটরজনীর প্রাক্কালে এহেন টানটান ‘ক্লাইম্যাক্স’ নিয়ে এবার কলম ধরেছেন অভিনেতা, ইনফ্লুয়েন্সার অরিত্র।

    রসিকতাচ্ছলেই অরিত্রর মন্তব্য, “জাহাঙ্গিরকে খুঁজে বেড়াচ্ছে সিংঘম, বাড়ি গিয়ে তল্লাশি হচ্ছে, পরিবারকে হুঁশিয়ারি দিচ্ছে সিংঘম। টানটান উত্তেজনা নিয়ে সিনেমা দেখতে বসলাম। আন্দাজ করলাম সিংঘমের ভয়ে তৃণমূলের জাহাঙ্গির পালিয়েছে। এবার একটা চেজিং সিন হবে। ধুমধারাক্কা ক্লাইম্যাক্স, কিন্তু সব আশায় জল!” কেন? তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যাঁরা পালানোর অভিযোগ ছুড়েছেন, অভিনেতা, ইনফ্লুয়েন্সার তাঁদের মনে করিয়ে দিলেন, “জাহাঙ্গির ভাই আরাম করে চেয়ার পেতে বসে সাংবাদিক ডেকে বক্তৃতা দিচ্ছেন। বিভিন্ন পোর্টাল লাইভ দেখাচ্ছে। এদিকে শুনছিলাম ও ভয়ে পালাচ্ছিল। তাহলে মিডিয়া ওকে পেলো কী করে?” এহেন প্রসঙ্গ উত্থাপন করেই অরিত্র দত্ত বণিকের টিপ্পনি, “এই করে সিনেমার টিকিটের টাকা নষ্ট হল, একদম ফ্লপ শো, আমি সময় নষ্ট করেছি। আপনাদেরও বলছি সিনেমা দেখে সময় নষ্ট করবেন না।”
  • Link to this news (প্রতিদিন)