• পাঞ্জাবে রেললাইনে বিস্ফোরণ কাণ্ডে খালিস্তানি-পাকিস্তানি যোগ! পুলিশের জালে ৪ জঙ্গি
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • পাঞ্জাবের পটিয়ালায় রেললাইনে বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। মঙ্গলবার এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে তারা। পাঞ্জাব পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে পাকিস্তানি গুপ্তচড় সংস্থা ISI-এর মদতপুষ্ট এক খলিস্তানি জঙ্গি মডিউলের হাত রয়েছে।

    সোমবার রাত ১০টা নাগাদ পটিয়ালায় এক পণ্যবাহী রেললাইনে এই বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না। তবে পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে। সে আদতে হামলাকারী বলেই পুলিশের অনুমান।

    পটিয়ালা রেঞ্জের DIG কুলদীপ চাহাল এবং SSP বরুণ শর্মা জানিয়েছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই এই জঙ্গি মডিউলটির পর্দাফাঁস করেছেন তাঁরা। ধৃত চারজন হলো প্রদীপ সিং খালসা, কুলবিন্দর সিং, সতনাম সিং এবং গুরপ্রীত সিং। প্রদীপই এই মডিউলের মূল পাণ্ডা।

    তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, দুটি .৩০ বোরের পিস্তল, ল্যাপটপ এবং উন্নত মানের যোগাযোগের সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দলের পাণ্ডা প্রদীপ মালয়েশিয়ার খালিস্তানি জঙ্গি। পাকিস্তানের অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে তার যোগ রয়েছে। যুবকদের মগজধোলাই করে মালয়েশিয়ায় জঙ্গি প্রশিক্ষণের জন্য পাঠাত সে। এই জঙ্গি মডিউলটির মূল লক্ষ্য ছিল বিভিন্ন সরকারি পরিকাঠামোয় বড় মাপের হামলা চালানো।

  • Link to this news (এই সময়)