• 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে অন্য ভূমিকায় শিবপ্রসাদ! শ্যামৌপ্তির সঙ্গে নতুন রসায়নে পরিচালক
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৬
  • উইন্ডোজ প্রোডাকশন হাউজের এবারের গরমের ছুটির চমক 'ফুল পিসি ও এডওয়ার্ড'। ইতিমধ্যেই এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে গান 'মনের চাবি রে' -ও। এবার এই ছবি সংক্রান্ত এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল।

    'মনের চাবি রে' গানটি মুক্তি পেয়েছে এখনও ছয় দিনও হয়নি, কিন্তু ইতিমধ্যেই ইউটিউবে গানটি প্রায় ১২ লাখ ভিউজ পেয়ে গিয়েছে। পেয়েছে অসংখ্য কমেন্ট, যেখানে গানটির কথা থেকে কোরিওগ্রাফির প্রশংসা করা হয়েছে। কিন্তু জানেন কি এই গানটি কে কোরিওগ্রাফ করেছে? শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই পড়লেন। এতদিন তাঁকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা হিসেবেই চিনে এসেছেন সকলে। কিন্তু তাঁর এই অজানা দিকটি কি জানা ছিল? শ্যামৌপ্তি মুদলিকে এই গানটিতে নাচতে দেখা গিয়েছে কখনও সৌম্য মুখোপাধ্যায়, কখনও ঋষভ বসুর সঙ্গে। আর সেই নাচের স্টেপগুলো কোরিওগ্রাফ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

    প্রসঙ্গত, 'ফুল পিসি' হিসেবে ছবিতে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। বৃদ্ধ অর্জুন চক্রবর্তীর সঙ্গে বিয়ে হবে শ্যামৌপ্তি মুদলির! শুধু তাই নয়, তাঁর সঙ্গে নর্তকীর অন্যরকম ঘনিষ্ঠ সম্পর্কও থাকবে। এই চরিত্রে নজর কাড়বেন অনন্যা চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনামিকা সাহা, প্রমুখ।

    ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এই ছবিটিতে যেন সাইকোলজিক্যাল টেনশন থাকবে, তেমনই থাকবে অনুভূতির গভীরতা। জিনিয়া সেন স্ক্রিনপ্লে, গল্প এবং ডায়লগ লিখেছেন। শ্রীজাত লিখেছেন গানের লিরিক্স। গানগুলো কম্পোজ করেছেন জয় সরকার। 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনা আসা এই ছবিটি মে মাসে মুক্তি পাবে। কিন্তু কবে? সেই দিন এখনই ঘোষণা করা হয়নি।

    ১৪ এপ্রিল, নববর্ষের ঠিক প্রাক্কালে মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। সেখানেই পরতে পরতে রহস্যের আভাস মিলেছে। ঝলকে ছবির টুকরো টুকরো ছবি ফুটে উঠলেও কী নিয়ে গল্প, কার সঙ্গে কার কী সম্পর্ক সেটা স্পষ্ট নয়। আর সেটাই যেন এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা, প্রত্যাশা আরও বেড়ে গেল। 'ফুল পিসি ও এডওয়ার্ড' ছবিতে কি বর্তমান, অতীতের মধ্যে আনাগোনা দেখা যাবে? নাকি রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর আগামীতে মিলবে।
  • Link to this news (আজকাল)