• পক্ষপাতদুষ্ট! ‘সিংঘম’ অজয়কে সরাতে মামলা দায়ের সুপ্রিম কোর্টে, দ্রুত শুনানির আর্জি
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মাকে এবার বাংলা থেকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। মঙ্গলবার আদিত্য দাস নামে এক ব্যক্তি শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন। তাঁর অভিযোগ, অজয়ের আচরণ পক্ষপাতদুষ্ট। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রার্থীদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। এর ফলে নির্বাচনী পরিবেশ কলুষিত হচ্ছে। মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছেন আদিত্য।  

    বঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে চর্চায় উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা। যোগীরাজ্যের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই ‘দাবাং’ স্টাইলে ধমক-চমক শুরু করেছেন। সোমবার ফলতার তৃণমূল প্রার্থীর নাম করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অজয়ের কথায়, ‘‘ভালো করে শুনে রাখুন, বদমাইশি করলে এমন চিকিৎসা হবে না…তখন কান্নাকাটি করে লাভ হবে না।”

    এর মধ্যেই সোমবার অজয়ের গোপন ভিডিও প্রকাশ করে সমাজমাধ্যমে অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওতে দেখা গিয়েছে, এক লাস্যময়ীর সঙ্গে ফুর্তিতে মত্ত ‘সিংঘম’! মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

    উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করতে নতুন করে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি – ৩ জন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি এই আইপিএস পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে। এমন একজনকে কেন বঙ্গভোটের দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।
  • Link to this news (প্রতিদিন)