মাঠেই দলবদল! মোদির ফুটবল খেলা নিয়ে রসিকতা নেট দুনিয়ায়
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
গ্যাংটক: ফুটবল মাঠেও ‘অপারেশন লোটাস’? সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফুটবল খেলার ভিডিয়ো ভাইরাল হতে সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা। ভারতীয় অঙ্গরাজ্য হিসেবে সিকিমের ৫০তম বর্ষপূর্তিতে ২ দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে সেখানেই একদল যুব ফুটবলারের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল তাঁকে। একের পর এক গোলও দিলেন প্রধানমন্ত্রী। ম্যাচের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে, গোলের সামনে প্রধানমন্ত্রীর পায়ে বল দিচ্ছেন বিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড়। তারপর কার্যত দর্শকের ভূমিকায় গোলমুখী শটটি ধরতে পারলেন না গোলরক্ষকও। সেই ভিডিয়ো ঘিরেই একের পর এক কটাক্ষ সমাজমাধ্যমে। এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘রক্ষণভাগের খেলোয়াড়েরা কী আম আদমি পার্টির সাংসদ?’। অন্যজনের মন্তব্য, ‘রক্ষণভাগের খেলোয়াড়টি কী রাঘব চাড্ডার দ্বারা অনুপ্রাণিত?’। কেউ গোলরক্ষকের সঙ্গে তুলনা করেছেন জ্ঞানেশ কুমারকে। কারও মন্তব্য, ‘এবার খেলার মাঠেও অপারেশন লোটাস দেখা গেল।’