নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুলের পাঠ্য পুস্তকের অভাব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে শিক্ষামন্ত্রক। বিশেষ করে এনসিইআরটির বিরুদ্ধে একাধিকবার অভিযোগের আঙুল উঠেছে। পড়ুয়া এবং অভিভাবকদের একটি বড়ো অংশেরই অভিযোগ, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও অনেক সময়ই পাঠ্যবই পাওয়া যাচ্ছে না। সবথেকে বেশি সমস্যা হচ্ছে ক্লাস নাইনের পাঠ্যবই নিয়ে। সম্প্রতি অবশ্য এনসিইআরটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ক্লাস নাইনের সমস্ত পাঠ্য পুস্তক পাওয়া যাচ্ছে। যদিও অভিযোগের বহর কমেনি। চরম বিতর্কের মুখে এবার নড়েচড়ে বসতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবার এসংক্রান্ত বিষয়ে জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রকের আধিকারিকদের সঙ্গেই এদিনের বৈঠকে হাজির হয়েছিলেন এনসিইআরটির কর্তাব্যক্তিরাও।
শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বৈঠকে দায়িত্বপ্রাপ্তদের কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধান জানিয়েছেন, শুধু চলতি শিক্ষাবর্ষেই নয়। আগামী কোনো শিক্ষা বছরেই যেন পড়ুয়াদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা যাতে থাকে, তা নিশ্চিত করতে হবে। এনসিইআরটির বই ছাপানোর পরিকাঠামো সম্পর্কেও এদিন খোঁজখবর নিয়েছেন শিক্ষামন্ত্রী। এবিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের যাতে পাঠ্যবই পেতে কোনো সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে বলেছেন। জোর দিতে বলা হয়েছে ‘লাস্ট মাইল’ পরিষেবার উপর। শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ই-পাঠশালা নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এর ফলে ডিজিটাল মাধ্যমে পাঠ্যবই পড়তে স্কুলপড়ুয়ারা যাতে অসুবিধায় না পড়ে, তা দেখতে বলা হয়েছে।