ভোট দিয়ে পাঁচটি বাসে বেঙ্গালুরু রওনা ১৫০ শ্রমিকের, পরিবারকে রেখে যেতে চোখে জল
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভোটার তালিকায় নাম সুরক্ষিত রাখতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন বহু পরিযায়ী শ্রমিক। কিন্তু ভোট পর্ব শেষ হতেই আবার কর্মস্থলের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ছবি ধরা পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে। পরিবার-পরিজনকে বাড়িতে রেখে ফের দূরে চলে যাওয়ার কষ্ট যেন স্পষ্ট তাঁদের চোখেমুখে। মঙ্গলবার বিকেলে জামালদহ ও উছলপুকুরি এলাকা থেকে পাঁচটি বাসে করে প্রায় ১৫০ জন শ্রমিক বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। কয়েকদিন আগেও যাঁরা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, ভোট দিয়েছিলেন, আজ তাঁরাই আবার জীবিকার টানে বাড়ি ছেড়ে দূরে পাড়ি দিচ্ছেন।
শ্রমিকদের একাংশ জানান, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের পরিবারের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই তড়িঘড়ি বাড়ি ফিরে এসে নিজের নাম ঠিক করা ও ভোট দেওয়া জরুরি হয়ে পড়ে। তবে ভোট শেষ হতেই আবার ফিরে যেতে হচ্ছে কাজের জায়গায়। পরিযায়ী শ্রমিক তপন বর্মন, মহাদেব রায়, অনিল বর্মন, মলিন বর্মনদের কথায়, পরিবারকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা-মা সবাইকে রেখে যেতে হয়। কিন্তু উপায় নেই। কেন্দ্রের ১০০ দিনের কাজ করে কিছু টাকা হাতে আসত। সেই কাজও বন্ধ। সংসার চালাতে ভিনরাজ্যেই যেতে হচ্ছে। বাসে ওঠার আগে অনেকেরই চোখে জল দেখা যায়। কেউ স্ত্রীর হাত শক্ত করে ধরে আছেন। কেউ সন্তানকে শেষবারের মতো কোলে তুলে নিচ্ছেন। পেটের টানে পরিবার-পরিজন ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে তাঁদের।
বেঙ্গালুরু থেকে বাস নিয়ে আসা এক কর্মী বলেন, পাঁচটি বাসে করে ১৫০ জন শ্রমিক নিয়ে ফিরে যাচ্ছি। মোট ২৮০০ কিমি পথ পাড়ি দিতে হবে।