• ফের কি কালিয়াচকে মাথাচাড়া দিচ্ছে মাদকচক্র? যুবকের গ্রেপ্তারিতে জল্পনা
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, কালিয়াচক: ফের কি কালিয়াচকের বুকে মাথাচাড়া দিয়ে উঠছে মাদকচক্র? সাম্প্রতিক ঘটনাকে ঘিরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কারণ গত রবিবারই প্রায় ১০ কোটি টাকার মাদক সহ মোজমপুরের লিচু বাগান থেকে তৌসিফ আলম নামের এলাকার‌ই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ধারাবাহিক অভিযানে একাধিকবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে কালিয়াচক ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে। শুধু উদ্ধারই নয়, এই চক্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল মাদকচক্রের মূল পাণ্ডা এনারুল হকের গ্রেপ্তারি। দীর্ঘদিন পলাতক থাকার পর মালদহের তৎকালীন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার এন্টালি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়।

    তবে নির্বাচন ঘোষণা হতেই প্রশাসনিক রদবদল ঘটে। নির্বাচন কমিশনের নির্দেশে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বদলি হন। তার জায়গায় অনুপম সিং মালদহের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে ফের বড়সড় মাদক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ফের সক্রিয় হয়ে উঠছে এই চক্র?

    গোয়েন্দা সূত্রে খবর, মূলত উত্তর-পূর্ব ভারত থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে কালিয়াচকের বিভিন্ন এলাকায় তা প্রক্রিয়াকরণ করে পাচার করা হত। এই কারবারে উত্তর-পূর্বের মাদকচক্রের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল স্থানীয় চক্রের। বিশেষ করে মজমপুর ও শাহবাজপুর অঞ্চল দীর্ঘদিন ধরেই মাদক কারবারের ‘হটস্পট’ হিসেবে পরিচিত।

    যদিও চলতি বছরে এই এলাকা সহ মালদহ জেলাজুড়ে পুলিশের লাগাতার অভিযানে এই অবৈধ কারবার অনেকটাই ভেঙে পড়ে। 

    পাশাপাশি মোজমপুরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে পুলিশ। যার ফলে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায় এবং মাদকবিরোধী পরিবেশ গড়ে ওঠে। তবুও সাম্প্রতিক এই বড়সড় মাদক উদ্ধারের ঘটনায় ফের উদ্বেগ তৈরি হয়েছে।

    এপ্রসঙ্গে মালদহের পুলিশ সুপার অনুপম সিং বলেন, মাদক কারবারের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। 

    এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না। লাগাতার অভিযান চালিয়ে পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হবে।

    সবমিলিয়ে পুলিশের কড়া অবস্থান সত্ত্বেও সাম্প্রতিক ঘটনায় কালিয়াচকের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার, প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপে এই মাদকচক্রকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় কি না। 
  • Link to this news (বর্তমান)