• গরমে ডাবের দাম ৮০ টাকা, চুমুক নিরুপায় ভোটকর্মীদের
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, কাটোয়া: প্রখর দাবদাহের মধ্যে হাঁসফাস করছে গোটা বাংলা। তীব্র রোদে ঘুরে এসে সবাই ঠান্ডা পানীয়তে চুমুক দিয়ে প্রাণটা জুড়িয়ে নিচ্ছেন। কিন্তু তাতে এই গরমে আবার সর্দিগর্মির ভয়। অনেকে তাই ডাবের উপরেই ভরসা রাখছেন। রাজ্যের দ্বিতীয়  দফার ভোটের আগে মঙ্গলবার কাটোয়ায় ডিসিআরসি চত্বরে গাছতলাতেই কাজ সারছেন ভোট কর্মীরা। আর সেখানেই দেদার বিকোচ্ছে ডাব। চাহিদার বহর দেখে খুশি ডাব বিক্রেতারা। 

    কাটোয়া শহরের কাশীদাস বিদ্যায়তন চত্বরেই কাটোয়া ও কেতুগ্রাম বিধানসভার জন্য ডিসিআরসি করা হয়েছে। সেখানেই এই তিন বিধানসভার ভোটের জন্য ভোট কর্মীরা এসেছেন। এই ডিসিআরসি থেকেই  মহিলা ও পুরুষ ভোটকর্মীরা ইভিএম, ভিভি প্যাট সহ ভোটের অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দ্যেশে রওনা দিচ্ছেন। ডিসিআরসিতে ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে। তবু গরমে নাজেহাল ভোটকর্মীদের একাংশ। তাই অনেকেই ভোটের সরঞ্জাম গুছিয়ে নিতে গাছের ছায়া খুঁজছেন৷ স্কুল চত্বরে এমনিতেই প্রচুর গাছ। সেই গাছতলায় বসে কাজ সারছেন অনেকেই। সেখানেই হাজির ডাব বিক্রেতারা। গরমে ভোট কর্মী থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সকলেই ডাবের জলেই গলা ভিজিয়ে নিচ্ছেন। 

    ভোট কর্মী নিতাই মহান্তি, সুজয় কর্মকার বলেন, গাছের ছায়ার কোনো বিকল্প হয়না। যা গরম পড়েছে তাতে নাজেহাল অবস্থা। তাই ডিসিআরসি চত্বরেই গাছের ছায়াতে বসেই কাজ সারছি। আর ডাবের জলে শরীর ঠান্ডা রাখছি। অনেক ভোট কর্মী আবার বাড়ি থেকে গ্লুকোজ এনেছেন বটে। তবে সবাই ডাবের জলের উপরেই  ভরসা পাচ্ছেন। 

    শহরে প্রতিদিন ডাব বিক্রি করতে আসেন জগন্নাথ বিশ্বাস, নিমাই দাস, উজ্জ্বল দাস থেকে শুরু করে অনেকেই। তাঁরা প্রত্যেকেই বলেন, এত ডাব এর আগে কোনোদিন বিক্রি হয়নি। এবার ভোটকর্মীরা প্রচুর ডাব কিনে খেয়েছেন। ডাবের আমদানি কম৷ তাই আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে৷ তাই ৭০ থেকে ৮০ টাকাতেই বিক্রি করতে হয়েছে। গরমের সময়েই ডাব নিয়ে বিক্রি করতে আসি। এবার ভোটের জন্য প্রচুর ডাব বিক্রি হল। তাছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও প্রচুর ডাব কিনেছেন। ভোটের জন্য এত ডাব বিক্রি হবে স্বপ্নেও ভাবতে পারিনি। 

    কেডিআই স্কুলে ভোট কর্মী রামরঞ্জন হাজরা বলেন, ডাবের জল খেলে শরীর তাজা থাকে। এ সময় আইসক্রিম না খাওয়াই ভালো। তবুও অনেকে আইসক্রিমেও গলা ভেজাচ্ছেন। এতে সর্দিগর্মি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ডাবের জল।   

     কাটোয়া মহকুমার তিন বিধানসভা কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোটের মোট ভোট কর্মীর সংখ্যা ৩ হাজার ৬৬৪ জন। আর রিজার্ভ আছে ৩৬৬ জন। কাটোয়া বিধানসভা ৩১৫টি বুথে মোট ভোটারের  সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৮১০ জন। কেতুগ্রাম বিধানসভার ৩০৪টি বুথে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৩৫ জন৷ আর মঙ্গলকোটের ২৯৭টি বুথে ভোটার সংখ্যা হল ২ লক্ষ ৩২ হাজার ৭৯১ জন। মহকুমায় মহিলা বুথ হয়েছে ১৪০টি। কমিশনের তালিকায় স্পর্শকাতর বুথ হিসেবে কাটোয়ায়  ৬৬টি  কেতুগ্রাম ৬১টি এবং মঙ্গলকোটের ৫৬টি বুথকে চিহ্নিত করে অতিরিক্ত ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এছাড়া কাটোয়ার ডিজিটাল কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমে বিশেষ নজরদারি টিমের সদস্যরা প্রতিটি বুথের ক্যামেরায় চোখ রাখছেন। কড়া নিরাপত্তায় ভোট কেন্দ্রগুলি মুড়ে ফেলা হয়েছে। কাটোয়া ৫টি এবং মঙ্গলকোটে ৪টি বুথকে মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)