সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, বুধবার দ্বিতীয় দফায় নির্বাচন হাওড়ার ১৬টি আসনে। এই ভোটকে শান্তিপূর্ণ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। হাওড়া গ্রামীণ জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৪৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে থাকছে পাঁচ হাজার পুলিশকর্মী। কুইক রেসপন্স টিম থাকছে ১২৬টি। এখনো পর্যন্ত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ১৬টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ৮ হাজার ৯১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ লক্ষ ৫০ হাজার ৩ জন এবং মহিলা ভোটার ১৭ লক্ষ ৫৮ হাজার ৭৫৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮০ জন।
ভোটার তালিকায় ট্রাইবুনালের মাধ্যমে ৭৭ জন ভোটারের নাম যোগ হয়েছে। হাওড়া গ্রামীণ এলাকার ন’টি বিধানসভার জন্য আটটি ডিসিআরসি তৈরি হয়েছে। হাওড়া জেলায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৫১৮। এর মধ্যে গ্রামীণ এলাকায় আছে ৩ হাজার ৮১টি বুথ। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৩৫টি, যার মধ্যে গ্রামীণ এলাকায় ১ হাজার ৮৭৫টি। তবে এবারে জেলায় উল্লেখযোগ্যভাবে মহিলা বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট মহিলা বুথের সংখ্যা ১ হাজার ৩৫০। এছাড়া ৪৯টি বুথকে মডেল বুথ করা হয়েছে।