সংবাদদাতা, বনগাঁ: ভোটার স্লিপ দেওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের পুরাতন বনগাঁ এলাকায়। অভিযুক্তের নাম মৃন্ময় রায়। স্থানীয় বাসিন্দা প্রিয়া বিশ্বাস তাঁর বিরুদ্ধে কমিশনকে মেল করে এই অভিযোগ দায়ের করেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। অভিযোগকারিণী ভোটারের দাবি, তাঁর পরিবারের সদস্যরা এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য তাঁদের প্রত্যেকের কাছে ১০ হাজার করে টাকা চান। কিন্তু টাকা দিতে রাজি হননি পরিবারের লোকেরা। পরবর্তীতে তালিকায় নাম ওঠে সকলের। অভিযোগ, এরপর ভোটার স্লিপ দেওয়া নিয়ে গড়িমসি করেন বিএলও। এবারও ওই স্লিপ দেওয়ার জন্য ১০ হাজার টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। সোমবার মেল করে কমিশনে অভিযোগ করেন প্রিয়া বিশ্বাস। তিনি বলেন, ‘এসআইআরের সময় বিএলও টাকা চেয়েছিলেন। এখন ভোটার স্লিপ দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করছেন। টাকা দিইনি বলে স্লিপ দেননি আমাদের।’ অভিযুক্ত বিএলও মৃন্ময় রায় বলেন, ‘সবার স্লিপই দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বাবার নাম ও ভোটারের নাম এক হয়ে যাওয়ায় স্লিপ বদল হয়ে গিয়েছিল। পরে সমস্যা মিটে গিয়েছে।’