• ডান পা না থাকা সত্ত্বেও ভোটের ডিউটিতে পাঠিয়েছে কমিশন, ক্ষোভ শিক্ষকের
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ডিসিআরসি-তে ডিউটি করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন বিশেষভাবে সক্ষম এক শিক্ষক। অভিযোগ, তাঁর ডান পা নেই। তবুও সাসপেন্ড হওয়ার ভয়ে ডিউটিতে আসতে হয়েছে। অন্যদিকে, বারুইপুর ফুলতলায় কিষান মান্ডি ডিসিআরসিতে শান্তিপূর্ণভাবে ভোট করার আবেদন জানানো হয়।

    কুলতলির জালাবেড়িয়া কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পবিত্রকুমার সর্দারের ডান পা নেই। ওই অবস্থাতেই মঙ্গলবার দুপুরে কুলতলি জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল ডিসিআরসিতে ডিউটি করতে এসেছেন তিনি। তিনি বলেন, আচমকা চিঠি পাই ভোটের ডিউটি করার। আমায় এক পায়ে ভর করে আসতে হয়। সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু সাসপেন্ড হওয়ার ভয়ে আমাকে এই অবস্থায় আসতে হয়েছে। নির্বাচন কমিশনের একটু ভেবে দেখা উচিত। কী করে কাজ করব, ভেবে পাচ্ছি না। 

    এদিকে, বারুইপুর পূর্ব বিধানসভার ডিসিআরসি পড়েছে হচ্ছে কিষান মান্ডিতে। দুপুর থেকেই সেখানে চরম ব্যস্ততা। শিক্ষক শিক্ষিকারা এসে নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। অনেকে বলেন, অনেক দেরি করে কাগজ এসেছে। তাই দেরি হচ্ছে নিজেদের সেন্টারে যেতে। তবে আমরাও চাই ভোট শান্তিপূর্ণ হোক। সেদিকে নজর দিক নির্বাচন কমিশন। অন্যদিকে, বারুইপুর ফুলতলায় বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে বারুইপুর পূর্ব ব্লক তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, আমরা চাই মানুষ শান্তিতে ভোট দিক। ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনোও  তৃণমূল কর্মী যাবেন না। পুলিশ নিরাপত্তার দিকটা খেয়াল রাখুক।
  • Link to this news (বর্তমান)