‘আপনি কলকাতার মেয়র তো? ভোটে ঝামেলা হলে ফল ভুগবেন’, ববির বাড়ি ঢুকে হুমকি আধাসেনার
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হুমকির মুখে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম! তাও আবার সোমবার রাত পৌনে একটা নাগাদ চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি বয়ে এসে রীতিমতো ‘থ্রেট’ করে গিয়েছে প্রায় ৩০-৪০ জনের কেন্দ্রীয় বাহিনীর দল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অপমানিত বোধ করছেন ফিরহাদ। প্রশ্ন উঠেছে, কলকাতার প্রথম নাগরিকের বাড়িতে ঢুকে গভীর রাতে এমন হুমকি দেওয়াটা, কতটা যুক্তিযুক্ত? যদিও রাতে সিইও মনোজ আগরওয়াল জানান, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ‘হুঁশিয়ারি’ নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে। এবার কলকাতার মেয়র তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। বাড়ি ঢুকে কেন্দ্রীয় বাহিনীর হুমকি দেওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শহরের প্রথম নাগরিক। মঙ্গলবার ফিরহাদ বলেন, ‘সোমবার রাত পৌনে একটার সময় খাওয়াদাওয়া সেরে শুতে যাচ্ছি। হঠাৎ প্রায় ৩০-৪০ জনের কেন্দ্রীয় বাহিনীর একটি দল চেতলায় আমার বাড়িতে আসে।’ নির্বাচনের সময় যাতে কোনও অশান্তি না হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় বাহিনী রীতিমতো সতর্ক করে ফিরহাদকে। একইসঙ্গে বিরোধী দলের এজেন্টদের বুথে বাধা দেওয়া হলে, ফল ভালো হবে না বলেও রীতিমতো শাঁসিয়ে যান তাঁরা। ফিরহাদ হাকিম বলেন, ‘ওঁরা আমাকে বলেন, এখানে যেন কোনো অশান্তি না হয়। ওঁদের কথা শুনে আমি বলি, চেতলায় কোনোদিন অশান্তি হয় না। এখানে সব দল মিলেমিশে কাজ করে। আমরা একে অপরের সঙ্গে ভোটের দিন দুপুরে খাবারও খাই। এবারেও কিছু হবে না।’ সেই সময় কেন্দ্রীয় বাহিনীর কমান্ডার কলকাতার মেয়রকে বলেন, যদি কোনও সমস্যা না হয়, তাহলে তো ভালো। কিন্তু যদি কোনোরকম অভিযোগ এই এলাকা থেকে আসে, তাহলে কিন্তু ভালো হবে না বলেও রীতিমতো কড়া ভাষায় সতর্ক করেন। তখন ফিরহাদ বলেন, কী হবে? কেন্দ্রীয় বাহিনীর কমান্ডার জানান, কিছু হলে বুঝবেন তখন। ঝামেলা হয়ে যাবে!
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরহাদ বলেন, ‘নকশাল আমলে যেভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হত, একই ধরনের ছবি দেখা যাচ্ছে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যেখানে অশান্তি নেই, সেখানেও ঝামেলা তৈরি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, চেতলায় বোমা-গুলি তো দূরের কথা, একটা ইটও কোনোদিন পড়েনি। বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘যেভাবে কেন্দ্রীয় বাহিনী দাপট দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, মানুষ খুব রেগে আছেন। ভালোভাবে নিচ্ছেন না। আমার পাড়ার লোকেরা যারা হয়তো অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তাঁরাও এটা ভালোভাবে নেননি।’