‘ট্রাবল মঙ্গার’ ধরতে রাতভর তল্লাশিতে মত্ত কেন্দ্রীয় বাহিনী
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ট্রাবল মঙ্গার’ ধরতে ভোটের আগের রাতে কলকাতাসহ বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেট এলাকায় তল্লাশি চালাল কেন্দ্রীয় বাহিনী। বাইক নিয়ে গলিতে গলিতে দাপিয়ে বেড়ান বাহিনীর জওয়ানরা। অধিকাংশ জায়গাতেই স্থানীয় পুলিশকে ছাড়াই তাঁরা তল্লাশিতে নেমেছিলেন। ট্রাবল মঙ্গারদের বাড়িতে গিয়ে তাঁরা জানতে চান, অভিযুক্ত ব্যক্তি কোথায়? কোথায় লুকিয়ে থাকতে পারেন তিনি, তা নিয়েও বিস্তারিত খোঁজখবর করা হয়।
ভোটপর্ব শান্তিপূর্ণ করতে ট্রাবল মঙ্গারদের ধরপাকড়ের উপর প্রথম থেকেই জোর দিয়েছে কমিশন। তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে বিভিন্ন থানাকে বারবার বলা হয়েছে। অভিযোগ, তারপরেও সক্রিয়তার অভাব ছিল থানাগুলির। এরপর কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীর কাছে মঙ্গলবার সকালে নির্দেশ যায়, যেকোনোভাবেই ট্রাবল মঙ্গারদের গ্রেপ্তার করে থানায় হাজির করতে হবে। ভোটের দিন কোনোভাবেই বাইরে রাখা যাবে না তাঁদের। তারপরই তেড়েফুড়ে নেমেছে বাহিনী।
থানার সাহায্য ছাড়াই ট্রাবল মঙ্গারদের তালিকা ধরে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে যান জওয়ানরা। কেবলমাত্র রাস্তা চেনানোর জন্য থানার এক কনস্টেবলের সাহায্য নেন তাঁরা। বাড়িতে গিয়ে ট্রাবল মঙ্গারদের পরিবারের কাছে জানতে চাওয়া হয়, অভিযুক্ত ব্যক্তি কোথায়? তাঁকে না পেয়ে বাড়ির লোককে বাহিনীর সদস্যরা জানিয়ে যান, ভোটের দিন যেন তাঁকে এলাকায় না দেখা যায়। যদি কোনোভাবে তাঁর ঘোরাঘুরি করার খবর আসে তাহলে তাঁকে চরমভাবে ভুগতে হবে! অনেক বাড়িতে গিয়ে আবার ট্রাবল মঙ্গারদের গোপন ডেরার ঠিকানা চান বাহিনীর জওয়ানরা।
বেশকিছু জায়গায় ট্রাবল মঙ্গারদের বাইক বাজেয়াপ্ত করা হয় বলেও খবর পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট বাড়ির লোকজনের কাছ থেকে জানতে চাওয়া হয়, পুলিশ কতবার খুঁজতে এসেছিল তাঁদের? সূত্রের খবর, অধিকাংশ পরিবারই জানায় পুলিশ বাড়িতে এসেছিল কিন্তু তখনো তাঁরা বাড়িতে ছিলেন না। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনাসহ বিভিন্ন জায়গায় হাজারখানেক ট্রাবল মঙ্গারকে রাতের মধ্যেই ধরে ফেলা হয়েছে। বিভিন্ন থানা অনেকদিন ধরেই এই ব্যক্তিদের বাগে পাচ্ছিল না।