নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার সন্ধ্যায় হালিশহরে তৃণমূল নেতা বিট্টু জয়সওয়ালের বাড়িতে এনআইএ হানা দিল। তাদের সঙ্গে ছিল পুলিশও। সে সময় তিনি ছিলেন না। এনআইএ জওয়ানরা দরজায় লাথি মেরেছেন বলে তার মায়ের অভিযোগ। কিন্তু কী কারণে এনআইএ এসেছে, তা পরিষ্কার নয় বিট্টু জয়সওয়ালের কাছে। তিনি বলেন, বাড়িতে ভোটের কাজ চলছিল। আমি সেই সময় ছিলাম না। হঠাৎ করে হালিশহর থানার পুলিশ এবং এনআইয়ের অফিসাররা এসে হাজির হন। আমার মা তাদের কাছে জানতে চান, কী মামলায় আপনারা এসেছেন। আমার ছেলের বিরুদ্ধে তো কোনো কেস নেই। তখন তারা জোর করে ঘরে ঢুকতে চান। মা বলেন, ঘরে মহিলারা আছেন। তাতে ওই জওয়ানরা সময় দরজায় লাথি মারেন। প্রসঙ্গত, হালিশহরের ন নম্বর ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় তৃণমূলের বুথ এজেন্ট এর উপরে গুলি চলেছিল।
একই সময়ে জগদ্দলে হাজির হন এনআইএর অফিসাররা। রবিবার রাতে জগদ্দল থানায় গোলমাল এর পরে বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তারক্ষী যোগেশ শর্মা গুলিবিদ্ধ হন। এই ঘটনার তদন্তে হাজির হয়েছেন এন আই এর অফিসাররা। তাঁরা জগদ্দল থানার অফিসারদের সঙ্গে কথা বলেন। কয়েকজন অভিযুক্তের বাড়িতে হানা দেবেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার ফের তাঁকে আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এদিন তাঁর ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত।